
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিনহাটায় সোমবার দেখা গেল অত্যন্ত উত্তপ্ত ও বিরল এক পরিস্থিতি। থানার বাইরে বেরিয়ে আসতেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে লক্ষ্য করে ক্ষুব্ধ জনতার একাংশ ডিম ও জুতো ছুড়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতির আশঙ্কা করে আগেভাগেই তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা যায়। ঘটনার জেরে থানা চত্বরের বাইরে উত্তেজনা আরও বাড়তে থাকে এবং শুরু হয় ব্যাপক বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে উদয়ন গুহকে প্রথমে একটি স্বাস্থ্যকেন্দ্রে এবং তারপর আদালতে নিয়ে যাওয়া হয়।
প্রতারণা,অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বুধবারই তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে গ্রেপ্তার করে কোচবিহার পুলিশ। কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপরেই সড়কপথে আজ, বৃহস্পতিবার একসময়ের ‘দাপুটে’ তৃণমূল নেতাকে দিনহাটা থানায় নিয়ে যায় পুলিশ। সেই খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে ভিড় জমতে থাকে জনতার। কেউ নিয়ে আসেন পচা ডিম কেউ আবার জুতো নিয়ে থানার বাইরে অপেক্ষা করতে থাকেন। বিক্ষোভের আঁচ পেয়ে পুলিশের তরফেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে একেবারে থানার দরজার সামনে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যান। এমনকী বন্ধ করে দেওয়া হয় থানার সামনের গেটও।
শুধু তাই নয়, এরপরেও ডিমের ভয়ে একেবারে হেলমেট পরিয়ে উদয়ন গুহকে থানা থেকে বের করে তোলা হয় প্রিজন ভ্যানে। আর সেই গাড়ি থানার বাইরে আসতেই আছড়ে পড়ে জনরোষ। গাড়িকে লক্ষ্য করে চলে একেবারে ডিমবৃষ্টি। কেউ কেউ ছুড়তে থাকেন জুতোও। শুধু তাই নয়, গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগ। এরপরেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের। এরপর বিশাল কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করে একেবারে কড়া নিরাপত্তায় প্রাক্তন মন্ত্রীকে আদালতে তোলে পুলিশ।
