Life Style News

1 month ago

Rose Day 2026: গোলাপের রঙেই লুকানো আবেগের ভাষা—জেনে নিন রঙে অনুসারে গোলাপের মাহাত্ম্য

Rose Day 2026
Rose Day 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বসন্তের হালকা শিরশিরানি আর বাতাসে পলাশ-শিমুলের মধুর সুবাস জানান দিচ্ছে, প্রেমের মরসুম এসে গেছে। শনিবার, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহুপ্রতীক্ষিত ‘ভ্যালেন্টাইনস উইক’। আর এই সপ্তাহের শুভ সূচনা হচ্ছে ‘রোজ ডে’ বা গোলাপ দিবসের মাধ্যমে।

কিন্তু কি জানেন, শুধু একটি গোলাপ দিলেই মনের কথা সবসময় প্রকাশ করা সম্ভব নয়। গোলাপের রঙের আড়ালে লুকিয়ে থাকে নানা আবেগ, যা ভুলভাবে বোঝালে হিতে বিপরীত হতে পারে। তাই প্রিয়জনকে দেওয়ার আগে জানা গুরুত্বপূর্ণ—কোন রঙের গোলাপ দিয়ে আপনি কী বার্তা দিতে চাইছেন। প্রচলিত ধারণা অনুযায়ী লাল গোলাপ প্রেমের প্রতীক। তবে আধুনিক প্রেম বা বন্ধুত্বের জগতে, প্রতিটি রঙের গভীর অর্থ রয়েছে। উদাহরণস্বরূপ: 

১. লাল গোলাপ- প্রেম, ভালোবাসা আর আবেগের চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো লাল গোলাপ। আপনি যদি কাউকে মনে-প্রাণে ভালোবাসেন এবং তাঁকে জীবনের সঙ্গী হিসেবে পেতে চান, তবে লাল গোলাপই আপনার সেরা অস্ত্র। 

২. গোলাপি গোলাপ- সব ভালোবাসা মানেই কেবল প্রেম নয়। আপনার জীবনে এমন মানুষ থাকতে পারেন যাঁদের প্রতি আপনি কৃতজ্ঞ। আপনার মা, দিদি কিংবা প্রিয় কোনো মেন্টর—কাউকেও ধন্যবাদ জানাতে বা স্বীকৃতি দিতে গোলাপি গোলাপ ব্যবহার করুন। এটি একই সাথে কোমলতা ও আভিজাত্যের প্রতীক।

৩. সাদা গোলাপ- কারও সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ? সম্পর্কের তিক্ততা মিটিয়ে নতুন করে পথ চলা শুরু করতে চাইলে সঙ্গী হিসেবে বেছে নিন সাদা গোলাপ। এটি শান্তির প্রতীক। এছাড়া কাউকে খুব মিস করলে বা তাঁর অনুপস্থিতি অনুভব করলে তাঁকে সাদা গোলাপ পাঠাতে পারেন।


৪. হলুদ গোলাপ- প্রেমের আগে বন্ধুত্বটা জরুরি। বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করতে হলুদ গোলাপের জুড়ি মেলা ভার। বন্ধুর নতুন চাকরি, সাফল্য বা আরোগ্য কামনায় হলুদ গোলাপ উপহার দিন। এটি আনন্দ এবং প্রাণশক্তির বার্তা বহন করে।

৫. কমলা গোলাপ- লাল এবং হলুদের মিশ্রণে তৈরি এই রঙটি তীব্র আবেগ ও উৎসাহের প্রতীক। সম্পর্কে যদি নতুন উন্মাদনা বা প্যাশন আনতে চান, তবে কমলা গোলাপ সেরা পছন্দ। কাউকে অনুপ্রাণিত করতেও এই ফুল ম্যাজিকের মতো কাজ করে।

৬. বেগুনি গোলাপ- ইদানীং এই রঙের গোলাপের চাহিদা তুঙ্গে। বেগুনি রঙ রাজকীয় সম্মানের প্রতীক। আপনি যদি আপনার সঙ্গীকে রানির মতো মর্যাদা দিতে চান বা তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হন, তবে নির্দ্বিধায় তাঁকে বেগুনি গোলাপ দিতে পারেন। এটি ‘প্রথম দর্শনেই প্রেম’ প্রকাশের জন্যও পরিচিত। 

গোলাপের মাধ্যমে আবেগ প্রকাশের এই চমকপ্রদ রীতি, শুধুই প্রেমের জন্য নয়, বন্ধুত্ব, শ্রদ্ধা বা কৃতজ্ঞতাও ব্যক্ত করতে সাহায্য করে। তাই এই বছর, রঙের জগতে ডুবে প্রিয়জনকে জানান আপনার আবেগের সঠিক ভাষা। 

You might also like!