
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ‘অর্ণব’ ও ‘মুরাসু’র পর এবার ‘আকভান’ ঘূর্ণিঝড় ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে। প্রাথমিক পূর্বাভাসে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু সময়ের সঙ্গে শক্তি বাড়ানোর পাশাপাশি গতিপথও বদলাচ্ছে ঘূর্ণিঝড়টি। অন্ধ্রপ্রদেশের বদলে এবার ওড়িশার পুরীর কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘আকভান’। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস সামনে আসতেই সতর্কতামূলক পদক্ষেপ শুরু করেছে প্রশাসন। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরীতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা জারি করা হয়েছে।
দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘আকভান’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে ঘূর্ণিঝড়টি। ২০ নভেম্বর শুক্রবার দুপুরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল পেরিয়ে দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী এলাকায় স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। নারসাপুর ও পুরীর মধ্যবর্তী কোনও এলাকায় ল্যান্ডফল হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রও ভয়ংকরভাবে উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত পর্যটকদের পুরী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে সতর্কতা জারি করা হয়েছে।
পুরীর কাছে ল্যান্ডফল হওয়ায়, বঙ্গে ঘূর্ণিঝড়ের তীব্র প্রভাব পড়বে বলে জানা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে শুক্রবারও। শনিবারও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার কিছু জায়গায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার।
