Life Style News

1 hour ago

Relationship Red Flags: বদলে যাচ্ছে স্বামীর আচরণ? সম্পর্কে তৃতীয় ব্যক্তির ইঙ্গিত মিলছে না তো!

Cracks in Marriage
Cracks in Marriage

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রেম আর দাম্পত্য—দুটি সম্পর্কের ভিত্তি ভালোবাসা হলেও, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই দুইয়ের মধ্যে পার্থক্য বিস্তর। প্রেমের সময় যে মানুষটি সঙ্গীর এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন, বিয়ের পর দায়িত্ব, কাজের চাপ এবং দৈনন্দিন জীবনের টানাপোড়েনে সেই মানুষটির আচরণ অনেক সময় বদলে যেতে শুরু করে। তবে সব পরিবর্তন স্বাভাবিক নয়। কিছু কিছু আচরণ এমনও থাকে, যা সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির ইঙ্গিত দিতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করেই যদি স্বামী অত্যন্ত গোপনীয় হয়ে ওঠেন, মোবাইল ফোন লুকিয়ে ব্যবহার করেন বা আগের তুলনায় অনেক বেশি সময় বাইরে কাটাতে শুরু করেন, তবে বিষয়টি খেয়াল করা জরুরি। আগে যেখানে ছোটখাটো কথা, পরিকল্পনা কিংবা অনুভূতি সহজেই ভাগ করে নিতেন, সেখানে যদি দূরত্ব তৈরি হতে থাকে, তা সম্পর্কে অশান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতি বুঝবেন কীভাবে? জেনে নিন কয়েকটি লক্ষণ।

১. জীবনে নতুন কেউ এলে সে শারীরিকভাবে আপনার সঙ্গে থাকলেও মানসিকভাবে থাকবে না। হয়তো আপনাকে সময় দিচ্ছে, পছন্দের খাবার নিয়ে আসছে, কিন্তু খেয়াল করে দেখবেন, একসঙ্গে বসে কথা বললেও অর্ধেক কথার উত্তর পাচ্ছেন না। কারণ, তার মন পড়ে অন্য কোথাও। অথবা সে বসে রয়েছে আপনার কাছেই, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা চ্যাটিংয়ে ব্যস্ত, বুঝে নিন কিছু না কিছু গন্ডগোল আছেই।

২. চেনা মানুষটা হঠাৎ করেই অচেনা হয়ে যাচ্ছে? স্বাভাবিকছন্দেই চলছিল জীবন। হঠাৎ ছোটখাটো বিষয়েও আপনার ভুল ধরতে শুরু করেছে স্বামী? আপনার পোশাক, আচরণ, সবকিছু নিয়ে কাটাছেঁড়া করেছে? কারণ ছাড়াই অশান্তি সৃষ্টি করছে? বুঝে নিন তাঁর জীবনে এসেছে অন্য কেউ। তাই শুরু হয়েছে ব্লেম-গেম।

৩. দু’জন মানুষ একসঙ্গে থাকলে মতানৈক্য, কথা কাটাকাটি খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কলহ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে কথাবার্তাই কমে গিয়েছে? কারণে-অকারণে ব্যঙ্গ, অবজ্ঞা, অসম্মানপূর্ণ কথা বলছে? তাহলে বুঝে নিন এক ছাদের তলায় থাকলেও মানসিক দূরত্ব বেড়েছে কয়েকগুণ। আর দূরত্ব তৈরি হলেই জীবনে প্রবেশ করে তৃতীয় ব্যক্তি, শুরু হয় পরকীয়া সম্পর্ক।

৪. দাম্পত্যের মধ্যে অনেক ছোটখাটো বিষয় থাকে। একসঙ্গে বসে সিনেমা দেখা, অন্তরঙ্গতা, হাসিঠাট্টা-এগুলো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু যদি দেখেন আস্তে আস্তে তা হারিয়ে যাচ্ছে। আগে যা বললে স্বামী মজা করতেন, এখন তা বললে রেগে যাচ্ছে, বিরক্ত প্রকাশ করছে, তাহলে বুঝে নিন দূরত্ব বেড়েছে। যা বড় ফাটলের পূর্বাভাস।

৫. স্বামী-স্ত্রীর মধ্যে যৌনসম্পর্ক খুব স্বাভাবিক বিষয়। যদি দেখেন, যৌনমিলনে স্বামীর আর আগের মতো আবেগ নেই, তাহলে বুঝে নেবেন সবটা ঠিক নেই। হয়তো স্বামী সব ঠিক আছে এটা প্রমাণ করতেই আপনার কাছে আসছে, কিন্তু আগের মতো আর ভালোবেসে চুম্বন করছে না, তাঁর স্পর্শে আর আগের মতো উষ্ণতা নেই, তাহলে সতর্ক হন। খোঁজ নিন কী চলছে তাঁর মনে।

দাম্পত্যে বিশ্বাস, সময় এবং যোগাযোগ—এই তিনটি বিষয়ই সম্পর্ককে সুস্থ রাখার মূল চাবিকাঠি। তাই সঙ্গীর আচরণে অস্বাভাবিক পরিবর্তন চোখে পড়লে তা এড়িয়ে না গিয়ে সময় থাকতেই পরিস্থিতি বোঝার চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ।

You might also like!