International

2 years ago

Donald Trump : নিজেকে নির্দোষ দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প, পরবর্তী শুনানি ২৮ আগস্ট

Donald Trump (File Picture )
Donald Trump (File Picture )

 

ওয়াশিংটন, ৪ আগস্ট : আমেরিকায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-র একটি আদালতে শুনানি চলার সময় এই দাবি করেন তিনি। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আগামী ২৮ আগস্ট।

আদালতে শুনানি শুরুর পর ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলি পড়ে শোনান বিচারক মোক্সিলা উপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর কত বছরের সাজা হতে পারে তা-ও জানানো হয়। এ সময় ট্রাম্প বলেন, তিনি নির্দোষ। শুনানিতে সরকারপক্ষের কৌঁসুলিরা আদালতের কাছে ট্রাম্পকে আটকের আবেদন করেননি। তবে এর বিপরীতে তাঁকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। আগামী ২৮ আগস্ট এই অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন। এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকার করেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালায় বলে অভিযোগ। এ নিয়ে তদন্তের পর গত মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে ৪৫ পাতার অভিযোগপত্র আদালতে দাখিল করেন বিশেষ আইনজীবী জ্যাক স্মিথ। অভিযোগে বলা হয়েছে, ট্রাম্প নির্বাচনের ফল উল্টে দেওয়ার জন্য বেআইনি পথ বেছে নিয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে দেশের সঙ্গে প্রতারণা করতে ষড়যন্ত্র, অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র-সহ মোট চারটি অভিযোগ আনা হয়েছে।


You might also like!