Breaking News

 

kolkata

1 hour ago

Sabyasachi Dutta: পুজোর মুখে বড় স্বস্তি সব্যসাচীর! তোলাবাজি মামলায় অন্তর্বর্তী জামিন দিল হাই কোর্ট

Sabyasachi Dutta
Sabyasachi Dutta

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   অবশেষে জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত জুন মাসে তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই তৃণমূল নেতা। তারপর থেকেই জেলবন্দি ছিলেন তিনি। জামিনের আবেদন জানিয়ে একাধিকবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও এতদিন স্বস্তি মেলেনি। অবশেষে আদালতের অন্তর্বর্তী জামিনের নির্দেশে আপাতত কিছুটা স্বস্তি পেলেন সব্যসাচী দত্ত। 

শেষপর্যন্ত প্রায় ৩ মাস পর তৃতীয়ায় হাই কোর্ট এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। পুজোর আগেই তাঁর জেলমুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জেলমুক্তি হচ্ছে না এখনও। কলকাতা হাই কোর্ট জামিনের আবেদন করেছিলেন সুজিতও। কিন্তু আদালত সেই আবেদন নাকচ করেছে। ফলে পুজোতেও শ্রীঘরেই কাটাতে হবে সুজিতকে।  তৃণমূল সরকারের আমল থেকেই সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ উঠেছিল। কিন্তু ভয়ে মানুষজন মুখবন্ধ করে রাখতেন বলে খবর। রাজ্যে পালাবদলের পর তোলাবাজির অভিযোগে জুন মাসের শুরুতে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গভীর রাতে রাজারহাটের ২১১ রোড লাগোয়া রাইগাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরকে। সব্যসাচী বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়রও ছিলেন।

আদালতে তোলার সময় তাঁকে লক্ষ্য করে সাধারণ মানুষ বিক্ষোভ দেখায়। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছোড়ে উত্তেজিত জনতা। আদালত চত্বরেও তাঁকে ঘিরে উত্তেজনা ছড়ায়। ওঠে ‘চোর চোর’ স্লোগান। ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর একাধিক বার আদালতে জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু জামিন মেলেনি। কলকাতা হাই কোর্টেও জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। সব্যসাচীর বিরুদ্ধে কত মামলা রয়েছে? রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল আদালত। তবে সেসময় জামিন মেলেনি। ফের হাই কোর্টে জামিনের আবেদন করেছিলেন সব্যসাচী। সেই আবেদনের ভিত্তিতেই শুনানি হয়। অবশেষে সব্যসাচী দত্তের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর হল। পুজোর আগেই জেলমুক্তির সম্ভাবনা রয়েছে এই প্রাক্তন বিধায়কের। 

You might also like!