
কাঠমান্ডু, ১৭ মে : রেকর্ড গড়ে ২৭-তম বারের মতো মাউন্ট এভারেস্টে আরোহণ করলেন নেপালের কিংবদন্তি পর্বতারোহী কামি রিতা শেরপা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ২৬-তম বারের মতো আরোহণের নিজস্ব রেকর্ড ভাঙলেন ৫৩ বছর বয়সী এই পর্বতারোহী। তাঁর অভিযানের আয়োজক সেভেন সামিট ট্রেকস জানিয়েছে, বুধবার সকালে কামি রিতা ৮,৮৪৮.৮৬ মিটার উচ্চতার পর্বত শৃঙ্গ জয় করেন।
সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, আজ সকাল সাড়ে ৮টায় কামি রিতা অবিশ্বাস্যভাবে ২৭তমবারের মতো এভারেস্ট জয় করেছেন। সেভেন সামিট ট্রেকস প্রাইভেট লিমিটেডের সিনিয়র ক্লাইম্বিং গাইড হিসেবে কর্মরত কামি রিতা ১৯৯৪ সালের ১৩ মে প্রথমবার মাউন্ট এভারেস্টে আরোহণ করেন। এভারেস্ট ছাড়াও তিনি একবার করে কে ২ এবং ল্হোত্সে, তিনবার মানাস্লু এবং চো ওয়ু আটবার আরোহণ করেছেন।
