
ইসলামাবাদ, ১২ মে : তোষাখানা মামলায় বড় স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট তোষাখানা মামলায় সেই অভিযোগের উপর স্থগিতাদেশ জারি করেছে।
ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হওয়ার একদিন পর বুধবার তোষাখানা মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছিল। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুকের এজলাসে ইমরান খানের মামলার শুনানি চলছিল। ইমরান খানের আইনজীবী খাজা হারিস আদালতে বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাঁর মক্কেলের বিরুদ্ধে অভিযোগ পাঠায়নি। সময়সীমা শেষ হওয়ার পর অভিযোগ পাঠানো যাবে না বলে দাবি করেন তিনি।
