
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআইয়ের প্রধান ইমরান খানকে। ইমরানের গ্রেফতারির পর থেকেই পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, এমন কী রাজধানীতে ১৪৪ ধারা ও জারি করা হয়। এবার তাতেই পুনরায় ঘৃতাহুতি দিয়ে বুধবার মধ্য রাতে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা ইমরান খান-ঘনিষ্ঠ শাহ মেহমুদ কুরেশিকে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাধারণ পোশাকের কয়েক জন কুরেশিকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতেই কুরেশি পিটিআই সমর্থকদের উদ্দেশে হাত নাড়ালেন। পিটিআইয়ের দাবি, কুরেশিকে গ্রেফতারের পর কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি পুলিশ। তাঁকে কোনও গোপন আস্তানায় স্থানান্তরিত করা হয়েছে বলে মনে করছেন পিটিআইয়ের সমর্থকরা।
পিটিআই আরও দাবি করেছে যে, তাদের চেয়াম্যান মুসারত চিমা এবং সেনেটর এজাজ চৌধরিকে ইসলামাবাদ থেকে অপহরণ করেছে পাক রেঞ্জার্স।এছাড়াও স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসলামাবাদের গিলগিট-বাল্টিস্তান হাউস থেকে কুরেশিকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার গ্রেফতার করা হয়েছিল পিটিআইয়ের সহ-সভাপতি ফাওয়াদ চৌধরিকে।এ ছাড়াও গ্রেফতার করা হয়েছে দলের সেক্রেটারি জেনারেল আসাদ উমর এবং পিটিআইয়ের আরও পাঁচ নেতাকে।
