
কলকাতা, ১৫ ডিসেম্বর : নিজের শহরেই বারবার ‘উপেক্ষিত’ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পায়নি শ্রীলেখা পরিচালিত ছবি ‘এবং ছাদ’। তিনি নিজেও কোনো আমন্ত্রণ পাননি। বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
এবারেও একই ঘটনার পুনরাবৃত্তি। শহর কলকাতা শ্রীলেখাকে ব্রাত্য করলেও তাঁর পরিচালিত ছবিকে আপন করে নিল বাংলাদেশ। ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘এবং ছাদ’। মহিলা পরিচালক ক্যাটেগরিতে স্থান পেয়েছে ছবিটি। সুখবরটা ভাগ করে নিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পায়নি আমার ছবি ‘এবং ছাদ’। ঢাকায় পেয়েছে। যাইহোক বিচক্ষণ আপনারা বাকিটা বুঝে নেবেন।’
১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলছে ২১ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সে সময়েই ওপার বাংলায় যাচ্ছেন শ্রীলেখা। বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, মোট ৭০ টি দেশের ২০ টি ছবি প্রদর্শিত হবে চলচ্চিত্র উৎসবে। প্রসঙ্গত, অতি সম্প্রতি অল ইণ্ডিয়া হিউম্যান রাইটস’-এর তরফে ‘লেজেন্ড অফ বেঙ্গল’ স্বীকৃতি পেয়েছেন শ্রীলেখা। নিজের এই বিশেষ খবর সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। কলকাতার রোটারি সদনে এই পুরস্কারের জন্য শ্রীলেখার নাম ঘোষনা করা হয়। সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে শ্রীলেখা ক্যাপশনে লিখেছেন ‘আজ রোটারি সদন কলকাতায়। আমি নাকি লেজেন্ড অফ বেঙ্গল! ওগো শুনছো’।
