
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণী পরিচালক অ্যাটলি-র পরিচালনায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ ছবিতে একাধিক চরিত্রে অভিনয় করে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ খান। সেই ছবিতে শুধুমাত্র অ্যাকশন বা বিনোদনই নয়, বরং কৃষক আত্মহত্যা, স্বাস্থ্যব্যবস্থা, দুর্নীতি ও ভোটের গুরুত্ব—এই সব বাস্তব ইস্যুকে সামনে এনে সাধারণ মানুষের মনে সাড়া জাগিয়েছিলেন ‘কিং খান’।
এবার শোনা যাচ্ছে, সেই সফলতার ধারাবাহিকতায় তৈরি হতে চলেছে ‘জওয়ান ২’। বলিউডের অন্দরের খবর অনুযায়ী, ইতিমধ্যেই ছবির চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন অ্যাটলি, এমনকি প্রাথমিক খসড়াও নাকি তৈরি। বর্তমানে ‘কিং’ ছবির কাজ শেষ হলেই কিছুটা বিরতি নিয়ে এই সিক্যুয়েলের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বেন শাহরুখ। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ছবির শুটিং শুরু হতে পারে।
সূত্রের খবর, এবারও ছবির গল্পে থাকবে শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক বার্তা। তবে আগের তুলনায় আরও বড় টুইস্ট যোগ করতে চাইছেন পরিচালক। বিশেষ করে ভিলেন চরিত্রটি নিয়েই বাড়তি চমক রাখার পরিকল্পনা চলছে। প্রথম ছবিতে খলনায়কের ভূমিকায় নজর কেড়েছিলেন বিজয় সেথুপতি। এবারও দক্ষিণী ইন্ডাস্ট্রির কোনও জনপ্রিয় তারকাকে এই চরিত্রে আনার চেষ্টা চলছে বলে শোনা যাচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খান সাধারণ মানুষের কাছে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন—‘দোকানে চাল-ডাল কিনতে গেলে ভাল না খারাপ প্রশ্ন করেন। দরদাম করেন, কিন্তু ৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।’ সর্বপরি, আমজনতাকে আঙুলের সদ্ব্যবহারের গুরুত্বপূর্ণ পাঠও দিয়েছিল ‘জওয়ান’। চলতি ভাষায় বলতে হলে- ‘কাঠি না করে, গণতন্ত্রের মসনদে উপযুক্ত সরকার নির্বাচনের জন্য তর্জনী ব্যবহার করুন।’ এমনকি ‘স্বদেশ’ বা ‘চক দে ইন্ডিয়া’র মতো আগের ছবিগুলোর দেশপ্রেমের ধারাকে নতুনভাবে তুলে ধরেছিল ‘জওয়ান’।
ফলে প্রশ্ন উঠছে—সিক্যুয়েলেও কি একইভাবে রাজনৈতিক ও সামাজিক বার্তা তুলে ধরে দর্শকদের নাড়িয়ে দেবেন শাহরুখ? নাকি এবার আরও বৃহত্তর পরিসরে নতুন কোনও ইস্যু সামনে আনবেন নির্মাতারা? সব মিলিয়ে, ‘জওয়ান ২’ এখন থেকেই দর্শকমহলে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, এই সম্ভাব্য সিক্যুয়েল ঘিরে উত্তেজনা তুঙ্গে।
