
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বদলে গেল ছবি মুক্তির দিন। দীর্ঘদিন পর রূপোলী পর্যায় ফিরছেন রণবীর কাপুর। আসছে রণবীর কাপুরের নতুন রোমান্টিক কমেডি ছবি। এই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। এই প্রথম কোনো ছবিতে জুটি হিসেবে দেখা যাবে তাঁদের। আপাতত ছবির প্রচারে ব্যস্ত রয়েছেন তারা। আগামী ৮ ই মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল 'তু ঝুটি ম্যায় মক্কার' এর। কিন্তু মুক্তির কিছুদিন আগেই বদলে গেল সেই তারিখ।
নির্মাতাদের তরফ থেকে জানা গিয়েছে, ছবি মুক্তির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দোল উৎসবে মার্কেট করার জন্য। যাতে আরো বেশি করে লাভবান হতে পারেন নির্মাতারা।
দেশের বিভিন্ন জায়গায় তিথি অনুযায়ী দোল উৎসব উদযাপন করা হয়। রাজস্থানের মতো বেশ কিছু রাজ্যে ৮ মার্চ হোলি উদযাপিত হবে। আবার বেশ কয়েকটি রাজ্যে দোল উৎসব শুরু হয়ে যায় একদিন আগে। সেক্ষেত্রে ৭ মার্চ থেকেই শুরু হয়ে যাবে রঙের উৎসব। আর এই উৎসবকে হাতছাড়া করতে চাইছেন না ছবির নির্মাতারা। তাই মুক্তির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আরও একটি বিষয় হল ৭ মার্চ মুক্তি পেলে ছবিটি মুক্তি পেলে শনি ও রবিবার মিলিয়ে মোট ছ'দিন ব্যবসা করতে পারবে। বক্স অফিসে এই বিষয়টি যাতে প্রভাব ফেলতে পারে সেদিকেই নজর রাখছেন ছবির নির্মাতারা। যদিও এখনো পর্যন্ত এই গুঞ্জনে সীলমোহর পড়েনি নির্মাতাদের তরফে।
