
শিমলা, ১৭ অক্টোবর : ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের শিমলা ও সংলগ্ন এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, শনিবার ভোর ৪.৩৬ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। সিসমোলজি সেন্টারের রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিমলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে (অক্ষাংশ: ৩১.২৯৮° উত্তর, দ্রাঘিমাংশ: ৭৭.৫২৯° পূর্ব)।
ভোরের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই কম্পনের জেরে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বিপর্যয় মোকাবিলা দফতর ও প্রশাসন নজরদারি চালাচ্ছে।
