
দুমকা (ঝাড়খণ্ড), ২২ অক্টোবর : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্বকে লক্ষ্য করে একযোগে একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ নিশিকান্ত দুবে। অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্রিপ্টোকারেন্সি এবং বিতর্কিত ব্যবসায়ী নেভিল রয় সিঙ্ঘমের সঙ্গে যুক্ত চক্রগুলির সঙ্গে কংগ্রেস সাংসদের কী ধরনের যোগাযোগ রয়েছে—তা নিয়ে বৃহস্পতিবার সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
ঝাড়খণ্ডের দুমকায় সাংবাদি সম্মেলনে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, "কংগ্রেসের কাছে আমার স্পষ্ট প্রশ্ন—নেভিল রয় সিঙ্ঘম, অনলাইন জুয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত আন্তর্জাতিক চক্রগুলির মধ্যে গত পাঁচ বছরে কাদের কাদের সঙ্গে রাহুল গান্ধী সাক্ষাৎ করেছেন? এদের মধ্যে কারা তাঁর 'ভারত জোড়ো যাত্রা' কিংবা অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়েছিলেন? শুধু তাই নয়, তিনি যখনই বিদেশ সফরে যান, তখন এই চক্রের কোন কোন উপাদানের সঙ্গে বৈঠক করেন এবং দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সেখানে কী ধরনের ষড়যন্ত্র তৈরি হয়?"
রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে বিজেপি সাংসদ আরও দাবি করেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান বা সংবিধানের প্রতি লোকসভার বিরোধী দলনেতার কোনও আস্থা নেই। তিনি বলেন, "বিজেপি সবসময় দেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করে। কিন্তু বিরোধী দলনেতা কোনো প্রতিষ্ঠানকেই মানেন না। এমনকি তাঁর আসল নাম যে 'রাউল ভিঞ্চি', তা নিয়ে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। এটা বাস্তব সত্য যে তাঁর নাম রাউল ভিঞ্চি।" দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক চক্রান্তের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধীর বিদেশ সফর ও তাঁর সঙ্গীদের স্বচ্ছতা নিয়ে কংগ্রেস নেতৃত্বের কাছে অবিলম্বে জবাবদিহির দাবি জানান বিজেপি সাংসদ।
