Breaking News

 

Actor Fraud case: পুজোর আগেই কি গ্রেপ্তার হবেন সোহম? আগাম জামিনের আবেদন খারিজ হাই কোর্টে

Actor Soham Chakraborty
Actor Soham Chakraborty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একটি ছবিতে অভিনয়ের জন্য কোটি টাকা নিয়েও শেষ পর্যন্ত সিনেমাটিতে কাজ করেননি সোহম চক্রবর্তী—এমনই অভিযোগ তুলে গত জুন মাসে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন এক ব্যক্তি। সেই মামলায় গ্রেপ্তারি এড়াতে আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তবে সেখানেও আপাতত স্বস্তি পেলেন না তিনি। ফলে টলিউড অভিনেতা তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল সাংসদের আইনি জটিলতা আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, বুধবার সোহম চক্রবর্তীর আগাম জামিনের আবেদন নাকচ করেছে হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক। ঘটনার সূত্রপাত ২০২২ সালে। অভিনেতা-বিধায়কের প্রযোজনা সংস্থা ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন কৌশিক কর্মকার। ‘লাল সুটকেসটা কোথায়’ নামের এক ছবির জন্যেই ওই টাকা সোহম নিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে সেই সিনেমাও হয়নি। সোহমও টাকা ফেরত দেননি বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, পালটা টাকা চাওয়া হলে সোহম নিজের ‘বিধায়ক’ পরিচয় দিয়ে হুমকি দেন। জানা যাচ্ছে, আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হয়ে সোহম চক্রবর্তীর সংস্থায় ওই টাকা বিনিয়োগ করেছিলেন কৌশিক কর্মকার। চুক্তিমাফিক, সেই সিনেমায় অভিনয় করা তো দূরঅস্ত এমনকী টাকাও ফেরত দেননি অভিনেতা।

 

এদিকে প্রাথমিক তদন্তের পর গত জুন মাসে পুলিশ দাবি করে, সোহমের সংস্থার তরফে ২০২২ সালের চুক্তিতে যে সমস্ত নথিপত্র ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু ভুয়ো নথিও ছিল। কৌশিকের অভিযোগের ভিত্তিতে প্রতারণা এবং জালিয়াতি-সহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয় সোহমের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতে স্বস্তির আশায় এরপর কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা অভিনেতা। কিন্তু বুধবার সোহমের সেই আর্জি খারিজ করে দিল উচ্চ আদালত। ফলত, ইতিমধ্যেই অভিনেতার গ্রেপ্তারির আশঙ্কা তৈরি হয়েছে। 

শেয়ার করুন:

You might also like!