Entertainment

50 minutes ago

Jhilam Gupta BB Bangla : বিগ বস বাংলায় ফের ধাক্কা! দীপেন্দুর পর এবার বাড়িছাড়া ঝিলম

Jhilam Gupta BB Bangla
Jhilam Gupta BB Bangla

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রবিবারই ‘বিগ বস বাংলা’র বাড়ি থেকে বিদায় নিয়েছেন শোয়ের স্বঘোষিত ‘কুইন’ অনুষ্কা। তার রেশ কাটতে না কাটতেই নতুন প্রোমো ঘিরে সোমবারের পর্ব নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল জোর জল্পনা। রবিবারের পর্ব শেষে প্রকাশ্যে আসা সোমবারের ঝলকে বিগ বসের গম্ভীর কণ্ঠে শোনা যায়, “জীবনের প্রতিটি অধ্যায় যে আমাদের ইচ্ছেমতো শেষ হবে, তার কোনও নিশ্চয়তা নেই। কখনও কখনও পরিস্থিতি আমাদের থামতে বাধ্য করে। এই সিদ্ধান্ত নেওয়া বিগ বসের কাছেও সহজ নয়।” ঘোষণায় উঠে এসেছিল ঝিলমের নামও। অন্যদিকে, জীতু ও দুর্নিবারকে পরস্পরকে জড়িয়ে কাঁদতে দেখে অনেকেই আঁচ করেছিলেন, ফের কোনও প্রতিযোগীর বিদায় ঘটতে চলেছে। দর্শকদের সেই আশঙ্কাই সত্যি হল সোমবার। মাঝপথেই ‘বিগ বস বাংলা’র বাড়ি থেকে চিরবিদায় নিলেন ঝিলম।বিগ বসের ঘর মানেই তো সেখানে প্রতি মুহূর্তেই কাহানি মে ট্যুইস্ট! কখন যে বদলে যায় সম্পর্কের সমীকরণ, শত্রু পরিণত হয়ে যায় মিত্রতে, এছাড়াও আরও কত কী। আসলে কখন কী ঘটে যায় তা বোঝা বড়ই দায়। সোমবার রাতের ঘটনাটাও ছিল সেরকমই অপ্রত্যাশিত একটি মুহূর্ত। প্রোমো দেখে শোয়ের দর্শক এভিকশন নিয়ে কিছুটা আঁচ করেছিলেন ঠিকই, কিন্তু সেটা ঝিলম হবেন এমনটা কেউ ভাবতেই পারেননি। তবে এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় জেনে রাখা দরকার, ভোটাভুটির রায়ে কিন্তু, ঝিলম মাঝপথে বিগ বসের ছেড়ে বেরিয়ে যাননি।

শোনা যাচ্ছে সোশাল মিডিয়ার এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শারীরিকভাবে অনেকটাই দুর্বল। বিগ বসের হাতে মেডিক্যাল রিপোর্ট পৌঁছাতেই তাঁকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ঘরের অন্দরে তখন এক দফা নমিনেশন প্রক্রিয়া শেষ হয়েছে। ঠিক সেই সময়ই খোদ বিগ বসের গম্ভীর ঘোষণায় কেঁপে ওঠে পুবিগ বসের দুর্গ। চিকিৎসকদের পরামর্শে ঝিলমকে খেলানো সম্ভব নয়। তাই অবিলম্বে শো থেকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।এই ঘোষণায় হকচকিয়ে যান ঝিলম-সহ শোয়ের প্রতিযোগীরা। প্রথম কয়েক সেকেণ্ড দর্শকও এই ঘোষণা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারেনি। ঝিলমের উদ্দেশে বিগ বস স্নেহের সুরে বলেন, “আশা করি, বিগ বসের ঘর থেকে নিজের প্রতি নতুন বিশ্বাস আর অসংখ্য মানুষের ভালবাসা নিয়ে যাবেন। আপনার আগামী দিনগুলো সাফল্য, আনন্দে ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।” ক্ষীণ কণ্ঠে বিগ বসকে ধন্যবাদ জানান ঝিলম।

সূত্রের খবর, ঝিলমের বাবা জানিয়েছেন, তাঁর গলব্লাডারে বড় আকারের পাথর ধরা পড়েছে। দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন বলেই মাঝপথে ‘বিগ বস বাংলা’র বাড়ি ছাড়তে হয়েছে তাঁকে বলে জানা যাচ্ছে। ঝিলমের বিদায়ে শোয়ে আর শোনা যাবে না তাঁর জনপ্রিয় ‘ইঁদুর’ র‌্যাপ। স্বাভাবিকভাবেই প্রিয় সহ-প্রতিযোগীর বিদায়ে আবেগ সামলাতে পারেননি বাড়ির সদস্যরা। চোখের জলে তাঁকে বিদায় জানিয়েছেন সকলে।

তবে ঝিলমও হয়তো আগেই পরিস্থিতির আঁচ পেয়েছিলেন। তাই সহ-প্রতিযোগীদের উদ্দেশে আগাম একটি আগমনী গান তৈরি করেছিলেন তিনি। সোমবার রাতে সেই গান গেয়েই তাঁকে বিদায় জানান বিগ বসের বাড়ির সদস্যরা। বাড়ি ছাড়ার আগে সকলের কাছে কিছুটা সময় চেয়ে নেন ঝিলম। শেষবারের মতো একে একে সবাইকে বুকে জড়িয়ে ধরেন, আর কান্নায় ভেঙে পড়েন। তাঁকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠেন বাকিরাও। আবেগঘন সেই মুহূর্তে বিগ বসের বাড়িতে নেমে আসে বিষাদের ছায়া।

You might also like!