
রাজকোট, ৭ জানুয়ারি : আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের শেষ তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে নামছে ভারত । শনিবার রাজকোটের এই ম্যাচে ভারত-শ্রীলঙ্কা যে টিমই জিতবে, সিরিজ তাদের। তরুণদের উপরেই ভরসা রাখছেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় ।দ্রাবিড় বলেন যে, হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন নতুন টি- ২০ টিমের থেকে চটজলদি ফলের আশা করা ঠিক হবে না। বরং টিমটাকে পর্যাপ্ত সময় আর সুযোগ দিয়ে তৈরি করতে হবে।
আজ রাজকোটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে । ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ সোজাসাপ্টা স্বীকার করে নিয়েছেন যে, টি-২০ টিমের পুনর্গঠন পর্ব শুরু হয়ে গিয়েছে। সেটা আগামী টি-২০ বিশ্বকাপকে মাথায় রেখেই। আর সেই লক্ষ্যে তরুণ ক্রিকেটারদের যেমন সুযোগ দেওয়া হবে, তেমনই দেওয়া হবে সময়। দ্রাবিড় বলছিলেন, ‘‘শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজটা আমরা একটু অন্য চোখে দেখছি। খেয়াল করলে দেখবেন, গত টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচে যে টিম খেলেছিল, তার থেকে তিন-চার জন মাত্র রয়েছে শ্রীলঙ্কা সিরিজের এই টিমে। তাই আমরা একটু অন্য রকম পর্যায়ে রয়েছি, আসন্ন টি-২০ বিশ্বকাপকে লক্ষ্যমাত্রা রেখে। একটু তরুণ টিম নিয়ে খেলছি আমরা।’’
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শুভমান গিলের সঙ্গে ওপেন করছেন ঈশান কিষান। রাহুল ত্রিপাঠিও খেলেছেন। কিন্তু মারমার-কাটকাট ব্যাটিং এখনও করতে পারেননি। দ্রাবিড় আগলে রাখছেন তাঁর টিমের তরুণ ব্যাটারদের। বলছেন, ‘‘সবে তো দু’টো ম্যাচ খেলল। আর এটাও বলে রাখি যে, রাজকোটে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আমরা কোনও বদলের রাস্তায় যাব না।’’ অর্থাৎ টিম ইন্ডিয়ার হেডকোচ স্পষ্টই বলে দিয়েছেন, আজ ভারতীয় দলে কোনও বদল নয়।
