Entertainment

1 month ago

The untold story of Banerjee: ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’-ভোটের আগে ইতিবাচক বার্তা নিয়ে আসছে ২৫ মিনিটের ডকু-ফিচার

The Untold Story Of Banerjee Documentary
The Untold Story Of Banerjee Documentary

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভোটের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে যখন নানা বিতর্ক ও পাল্টা-বিতর্ক তুঙ্গে, সেই সময়েই এক বিশেষ ডকু-ফিচার সামনে আনছেন প্রযোজক-অভিনেতা জুনেইদ খান। ছবির নাম ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’। ২৫ মিনিটের এই তথ্যচিত্রের টিজার আজ বিকেল চারটেয় কলকাতা প্রেস ক্লাব-এ প্রকাশিত হওয়ার কথা।

আর কে এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই ডকু-ফিচারের কনসেপ্ট ও চিত্রনাট্য লিখেছেন স্বয়ং জুনেইদ। পরিচালনায় রয়েছেন রাহুল সাহা। ছবির শুটিং এখনও চলমান, রমজান উপলক্ষে সাময়িক বিরতি রয়েছে।



আন্দোলনের ইতিহাস থেকে বর্তমান রাজনীতি-

ডকু-ফিচারটিতে ১৯৯৩ সাল থেকে ২০২৬ পর্যন্ত সময়পর্বকে তুলে ধরা হয়েছে। বিশেষ গুরুত্ব পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর আন্দোলন, অনশন এবং রাজনৈতিক লড়াইয়ের নানা অধ্যায়। পাশাপাশি রাজ্যের যুব রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর উত্থান এবং দলীয় কর্মকাণ্ডে তাঁর ভূমিকার দিকেও আলোকপাত করা হয়েছে।

জুনেইদের দাবি, ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে কীভাবে দীর্ঘ সময় ধরে আন্দোলনের পরিক্রমায় এক রাজনৈতিক নেতৃত্ব গড়ে উঠেছে এবং কীভাবে বর্তমান সময়েও তা অব্যাহত রয়েছে। তাঁর কথায়, এটি কোনও প্রচার নয়, বরং “একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস”।

ব্যক্তিগত ত্যাগ ও আবেগ-

জানা গিয়েছে, ডকু-ফিচারটি নির্মাণে ব্যক্তিগত আর্থিক ত্যাগও স্বীকার করেছেন জুনেইদ। অতীতে তিনি রাজনৈতিক ভাবধারায় অনুপ্রাণিত হয়ে গান প্রকাশ করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘জয় বাংলা’ এবং ‘আসছে বস’। এবারের ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করছেন তিনি নিজেই। অন্যান্য শিল্পীদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে।

শুটিং হয়েছে নদিয়ার পলাশিপাড়াসহ একাধিক স্থানে। জুনেইদের মতে, এই তথ্যচিত্রের লক্ষ্য একটাই— ভোটের আগে বিভ্রান্তির আবহে সাধারণ মানুষের কাছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শন ও সংগ্রামের ধারাবাহিকতা তুলে ধরা। সব মিলিয়ে, নির্বাচনের আবহে ‘দ্য আনটোল্ড স্টোরি অফ ব্যানার্জি’ কতটা প্রভাব ফেলতে পারে, তা সময়ই বলবে।  

You might also like!