
কলকাতা, ১ আগস্ট : গুরুতর অসুস্থ হয়ে গত শনিবার থেকে উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এদিন হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন ঋতুপর্ণা। কেমন দেখলেন বুদ্ধবাবুকে, জিজ্ঞাসা করাতেই সাংবাদিকদের কাছে অভিনেত্রী জানান, ‘বহুদিন ধরেই ওঁনাকে দেখতে আসব ভাবছিলাম। আজ এসে অল্প কয়েক মুহূর্তের জন্য দেখা পেলাম। যেদিন ওঁর অসুস্থতার খবর শুনেছি মনটা খারাপ হয়ে আছে, আমার খুব স্নেহের মানুষ তিনি। আমার বিয়েতে এসেছিলেন, আমাকে খুব ভালবাসেন।’ তবে অভিনেত্রী সামনা সামনি যেতে পারেননি। দূর থেকেই দেখতে হয়।
তিনি বলেন, ‘সেরা মেডিক্যাল টিম চিকিৎসা করছেন। তাঁরা খুবই আশাবাদী। ওনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। নিশ্চয়ই খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন তিনি। ওনাকে হাসপাতালে দেখতে আসতে হবে, এটা ভাবিনি।’ ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে উপস্থিত হয়েছেন রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গিয়েছেন তাঁকে দেখতে।
সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয়, এখন শুধু বাইপ্যাপ সার্পোটের মধ্যে আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাতে তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে। গতকালই বুকের সিটি স্ক্যান করা হয়, রিপোর্টও ভালো এসেছে। ভেন্টিলেশন থেকে প্রায় ১৮ ঘন্টা পরে বের করা হয় বুদ্ধদেব বাবুকে। সোমবার তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেশন থেকে সরিয়ে ইনভেসিভ ভেন্টিলেশনে আনার পরই চিকিৎসকেরা জানিয়েছিলেন, অবস্থা অনেকটাই স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বছর ৭৯-র বুদ্ধবাবু। আর এবার একটু সুস্থ হতেই বাড়ি ফিরতে চাইলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
