
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের কানপুর-এ চাঞ্চল্যকর ঘটনা। জনপ্রিয় অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখতে গিয়ে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। অভিযোগ, সিনেমা চলাকালীন হলের অন্ধকারে পাশের আসনে বসা এক যুবক তাঁকে অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় প্রথমে হতভম্ব হয়ে পড়লেও দ্রুত প্রতিবাদে সরব হন তরুণী। তাঁর চিৎকারে সতর্ক হয়ে আশেপাশের দর্শকরা এগিয়ে আসেন এবং অভিযুক্তকে চিহ্নিত করা হয়। মুহূর্তে প্রেক্ষাগৃহে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে নাটকীয় মোড় আসে সিনেমা শেষ হওয়ার পর। হল থেকে বেরোনোর সময় অভিযুক্ত যুবককে ফের দেখতে পান নির্যাতিতার বাবা। ক্ষোভে ফেটে পড়ে তিনি অভিযুক্তকে মারধর শুরু করেন। পরে পরিবারের অন্যান্য সদস্য ও উপস্থিত কয়েকজন সাধারণ মানুষও তাতে যোগ দেন, ফলে শুরু হয় গণপিটুনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন “নির্যাতিতার বাবার দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হচ্ছে। নারী নিরাপত্তা নিয়ে কোনওপ্রকার অবহেলা বরদাস্ত করা হবে না।” প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা—নারী নিরাপত্তার প্রশ্নে কোনও রকম আপস করা হবেনা।
