
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবীন্দ্রনাথের 'কাবুলিওয়ালা' গল্পটা সারা বিশ্বের কাছেই বিস্ময়। চিত্র জগতে ১৯৫৭ সালে এই কাবুলিওয়ালা নিয়ে যাত্রা শুরু হয়। আজ থেকে কয়েক দশক আগে ১৯৫৭ সালে এই গল্প নিয়ে কাজ করেছিলেন তপন সিনহা। এই ছবিতে কাবুলিওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন ছবি বিশ্বাস। এবার সেই জুতোয় পা গলাচ্ছেন টলিউডের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সুমন ঘোষ পরিচালিত আসন্ন ছবি ‘কাবুলিওয়ালা’র ঝলক। সেখানে মূখ্য চরিত্র ‘কাবুলিওয়ালা’র ভূমিকায় অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তীকে। কিন্তু মিনির চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে যথেষ্ট উত্তেজনা ছিল নাগরিক মহলের মধ্যে। এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলো।
স্টুডিওপাড়ার খবর, ‘কাবুলিওয়ালা’র মিনির ভূমিকায় দেখা যাবে শিশু অভিনেত্রী অনুমেঘা কাহালিকে। যদিও এই মিষ্টি অভিনেত্রীকে মানুষ ‘মিষ্টি’ নামেই বেশি চেনে। জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘মিঠাই’তে মিষ্টি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘মিঠাই’ ধারাবাহিকে সৌমিতৃষার পর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন এই খুদে। মিঠাই’ ধারাবাহিক শেষ হতেই বড় পর্দায় পা রাখছেন সৌমিতৃষা কুণ্ডু। খুব শীঘ্রই ‘প্রধান’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। আর এবার বড়পর্দায় পা রাখছেন ছোট্ট ‘মিষ্টি’ অনুমেঘা। ইতিমধ্যেই নাকি মিঠুন চক্রবর্তীর সঙ্গে শ্যুটিংও শুরু করে ফেলেছেন অনুমেঘা কাহালি। এখন ছবি প্রকাশ পাওয়ার অপেক্ষায় সময় গোনা।
