Entertainment

2 days ago

Bhumi Pednekar’s Spiritual Journey: গ্ল্যামার ছেড়ে আধ্যাত্মিকতার পথে—ঋষিকেশে শান্তির খোঁজে ভূমি পেডনেকর

Bhumi Pednekar Rishikesh Journey
Bhumi Pednekar Rishikesh Journey

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের ব্যস্ততা আর ঝলমলে জীবন থেকে খানিক বিরতি নিয়ে এবার প্রকৃতি ও আধ্যাত্মিকতার সান্নিধ্যে সময় কাটাতে দেখা গেল ভূমি পেডনেকর-কে। উত্তরাখণ্ডের ঋষিকেশ-এ গিয়ে তিনি পৌঁছান বিখ্যাত পরমার্থ নিকেতন আশ্রম-এ, যেখানে কাটান একান্ত কিছু নিরিবিলি মুহূর্ত।

এই সফরে গ্ল্যামারাস অবতার ছেড়ে সম্পূর্ণ সাদামাটা রূপে ধরা দেন অভিনেত্রী। সাদা সালোয়ার-কামিজ ও গলায় তুলসীর মালা—এই সহজ লুকেই তাঁকে দেখা যায় গঙ্গার ঘাটে ধ্যান করতে। পাশাপাশি, তিনি অংশ নেন সন্ধ্যার গঙ্গা আরতিতেও এবং পবিত্র গঙ্গাজলে ডুব দিয়ে অনুভব করেন এক অন্যরকম প্রশান্তি। আশ্রমে অবস্থানকালে তিনি আশীর্বাদ নেন আধ্যাত্মিক গুরু স্বামী চিদানন্দ সরস্বতী এবং সাধ্বী ভগবতী সরস্বতী-র কাছ থেকে। সেই অভিজ্ঞতার কিছু ঝলক তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।


নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সমাজ মাধ্যমে ভূমি লেখেন, “সব যাত্রা আপনাকে নতুন জায়গায় নিয়ে যায় না, কিছু যাত্রা আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে।”  হিমালয়ের কোলকে ‘নিজের ঘর’ বলেও উল্লেখ করেন অভিনেত্রী। গত কয়েকদিনের এই অভিজ্ঞতা তাঁর জীবনে বিশেষ জায়গা করে নিয়েছে বলেও জানান তিনি। আধ্যাত্মিক গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও নতুন কিছু চমক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভূমি।

উল্লেখ্য, কাজের দিক থেকে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘দলদল’ সিরিজে। তবে আপাতত ক্যামেরার আলো থেকে দূরে সরে, নিজেকে নতুনভাবে খুঁজে পেতেই এই আধ্যাত্মিক সফরে মগ্ন হয়েছেন অভিনেত্রী।  

You might also like!