
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জাতীয় স্বীকৃতির পর রাজ্যেও ঝুটছে সম্মান ! আবার মুক্তি পাচ্ছে শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ছবি ‘কালকক্ষ’। ১ সেপ্টেম্বর থেকে ফের শহরের প্রেক্ষাগৃহে দেখা যাবে ৬৯ তম জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পাওয়া এই ছবিটি । বিষয়টি স্বীকার করেছেন পরিচালক শর্মিষ্ঠা মাইতি ।
সদ্য ঘোষিত ৬৯ তম জাতীয় পুরস্কারে সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের ছবি কালকক্ষ। ২০২২ সালে যখন এই ছবি মুক্তি পায়, তখন সিনেমা হলে বেশিদিন দেখা যায়নি। এমনকী, নন্দন থেকেও এই ছবিকে সরিয়ে দেওয়া হয়। তবে জাতীয় পুরস্কারই যেন ম্যাজিকের মতো কাজ করল। যে ছবিকে একসময় হল পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরতে হয়েছিল। সেই ছবিই আবার মুক্তি পাচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ফের শহরের প্রেক্ষাগৃহে দেখা যাবে কালকক্ষ। যা নিয়ে পরিচালক শর্মিষ্ঠা মাইতি জানান, ”হ্যাঁ, আবার মুক্তি পাচ্ছে এই ছবি। তবে এখনও হলের তালিকা পাইনি। সেটা পেলে আরও ভালভাবে জানতে পারব, কোথায় কোথায় ছবিটা দেখানো হবে। কটা শো পাচ্ছে। এই ছবি ফের মুক্তি পাওয়ায় আবার দর্শকরা ছবিটা দেখার সুযোগ পাবে এটা ভেবে ভাল লাগছে। আমরা সত্যিই খুব খুশি।”
শর্মিষ্ঠার কথায়, ”হলে মুক্তি পাওয়ার পর আমরা এই ছবি ওটিটিতে মুক্তি পাওয়ার কথাও ভাবছি। এমনকী, স্য়াটেলাইট সত্ত্ব নিয়েও ভাবছি। এর ফলে গোটা দুনিয়ার মানুষ ছবিটা দেখার সুযোগ পাবে। ”প্যানডেমিকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ছবির চিত্রনাট্য। বিধ্বস্ত মানুষের জীবন, তাদের অসহায়তা, মারণ রোগের প্রকোপ এবং চিকিৎসকদের অনিবার্য ভূমিকা টাইমলুপে মোড়া ছবির কাহিনির প্রাথমিক বিষয়। লকডাউনে ঠিক যেটা হয়েছিল আমাদের, ঘরে বন্দি থাকতে থাকতে দিন-সময়ের হিসেব ওলট-পালট হয়ে যাচ্ছিল, এই ছবিতে তার সুস্পষ্ট ছাপ রয়েছে।
