
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : ভারতের পৌরহিত্যে দিল্লিতে অনুষ্ঠিত ‘ব্রিকস কর প্রধানদের সম্মেলনে’ ভারতের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কর ব্যবস্থার কথা তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানান, ভারতের ‘ফেসলেস অ্যাসেসমেন্ট’ (অদৃশ্য মূল্যায়ন), আগে থেকেই পূরণ করা আয়কর রিটার্ন, রিয়েল-টাইম চালান যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত করদাতা সহায়তা ব্যবস্থা ব্রিকস সদস্য দেশগুলির মধ্যে বিপুল আগ্রহ তৈরি করেছে। সম্মেলনে আন্তর্জাতিক কর কাঠামো নিয়ে আলোচনা করতে গিয়ে অর্থমন্ত্রী দুটি নতুন কার্যনির্বাহী দল গঠনের প্রস্তাবের কথা জানান। প্রথমত, আন্তর্জাতিক কর ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত দল। দ্বিতীয়ত, রাজস্ব পরিসংখ্যান সংক্রান্ত দল।
উন্নয়নশীল দেশগুলির রাজস্ব সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, "ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিরোধে উন্নয়নশীল দেশগুলির প্রশাসনকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি ক্ষতির মুখে পড়তে হয়। এমন কোনো রাজস্ব কাঠামো যা উন্নয়নশীল দেশগুলির আর্থিক বাস্তবতার সঙ্গে খাপ খায় না, তা আমাদের বৈশ্বিক পরিচয় এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক ধারণাকে বিকৃত করে।" তিনি উল্লেখ করেন, এই বৈঠকে উপস্থিত প্রতিটি দেশই একই ধরনের বাস্তব সমস্যার মুখোমুখি হয়েছে। তাই এই কার্যনির্বাহী দলগুলি দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি করবে, যাতে এই জটিল বিষয়গুলির বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।
