
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশ হোক বা বিদেশ, সব জায়গাতেই সঙ্গীতপ্রেমীদের কাছে জনপ্রিয় দিলজিৎ দোসাঞ্জ। তবে এই শিল্পী যে বিদেশের মাটিতে নিজের নাম ছড়িয়ে দিতে বদ্ধ পরিকর, তার আরও একবার প্রমাণ মিলল।
দিলজিৎকে দেখা গিয়েছে জনপ্রিয় অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী সিয়া-র সঙ্গে। সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন দিলজিৎ। সেখানে শিল্পীর সঙ্গেই দেখা গিয়েছে সিয়াকে। ‘চিপ থ্রিলস’ বা ‘আনস্টপেবল’-এর মতো গানের দৌলতে সিয়া সঙ্গীত প্রেমীদের কাছে পরিচিত নাম। দিলজিতের পোস্ট করা একটি ছবিতে সিয়ার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অন্য একটি ছবিতে সিয়া তাঁকে জড়িয়ে ধরেছেন। দুই শিল্পীর সঙ্গেই একটি ছবিতে ধরা দিয়েছেন আমেরিকান সঙ্গীত প্রযোজক গ্রেগ কার্স্টিন। তিনি এর আগে পল ম্যাকার্টনি এবং হ্যারি স্টাইলস্-এর মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করে দিলজিৎ লেখেন, ‘‘অপ্রতিরোধ্য সিয়া। কী অসাধারণ শক্তি, সুন্দর মুহূর্ত।’’ আসলে শিল্পী এখানে সিয়ার ‘আনস্টপেবল’ গানটিকে ধার করেই তাঁর বক্তব্যকে সাজিয়েছেন।
