
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’। প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় পর্বও দর্শকদের মন জয় করেছে সমানভাবে। ইতিমধ্যেই হাজার কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে ছবিটি, আর সামনে রয়েছে ওটিটি মুক্তির অপেক্ষা। ছবির জনপ্রিয়তার পাশাপাশি ক্রমেই সামনে আসছে শুটিংয়ের নানা চমকপ্রদ গল্প। পরিচালক আদিত্য ধার এই ছবিতে বাস্তবধর্মী অ্যাকশনের উপর বিশেষ জোর দিয়েছিলেন। বিশেষ করে ক্লাইম্যাক্সের বিস্ফোরণ দৃশ্যগুলোতে কোনও ভিএফএক্সের উপর নির্ভর না করে বাস্তব বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই জানা যাচ্ছে।
অ্যাকশন দৃশ্যের অন্যতম আকর্ষণ ছিল রণবীর সিং এবং অর্জুন রামপাল-এর মুখোমুখি লড়াই। এই দৃশ্যে ব্যবহৃত বিস্ফোরণগুলো তৈরি করতে প্রায় ৫০০ লিটার পেট্রোল ব্যবহার করা হয়। সাধারণত এ ধরনের দৃশ্যে প্রযুক্তির সাহায্য নেওয়া হলেও, এখানে বাস্তবধর্মী উপস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ পথই বেছে নেওয়া হয়েছিল।

অ্যাকশন ডিরেক্টরের কথায়, “বিষয়টা নিয়ে আমার উপর অনেক চাপ ছিল। তারজন্য আসল ট্রেনের ‘বেস’ এবং ‘কন্টেনার’ ব্যবহার করা হয়েছিল। সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমাকে বলা হয়েছিল ২৫০ লিটার পেট্রোল ব্যবহার করতে। কিন্তু আমি জেদ ধরেছিলাম যে, অন্তত ৫০০ লিটারই লাগবে ঠিকঠাক বিস্ফোরণটা দেখানোর জন্য।” প্রবল ঝুঁকি সত্ত্বেও শুটিং সফলভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত পুরো টিমের প্রশংসা কুড়িয়েছে এই অ্যাকশন সিকোয়েন্স। শুটিংয়ের সময় অভিনেতাদের সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য। এদিকে ছবির বিপুল সাফল্যের মধ্যেই পরিচালক আদিত্য ধার তাঁর পরবর্তী প্রজেক্টের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বলে খবর। শোনা যাচ্ছে, ২০২৭ সালের মার্চ মাসে নতুন ছবির শুটিং শুরু হতে পারে, আর সেই ছবিতেও প্রধান চরিত্রে থাকতে পারেন রণবীর সিং।
