
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ক্যানসার জয় করে ফের নতুন রোগে আক্রান্ত অভিনেত্রী ছবি মিত্তল। ২০২২ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। ক্যানসার জয় করে স্বাভাবিক ছন্দে ফিরে আসার পথ সহজ ছিল না। সেটা কাটিয়ে উঠতে না উঠতেই, নতুন করে অসুখে পড়লেন অভিনেত্রী।
কস্টোকন্ড্রাইটিস রোগে আক্রান্ত তিনি। এই রোগের কারণেই বুকের কার্টিলেজে আঘাত পেয়েছেন। কস্টোকন্ড্রাইটিস হল কার্টিলেজের প্রদাহ, যা পাঁজরকে স্তনের হাড়ের সঙ্গে যুক্ত করে। অভিনেত্রী বলেন, ‘‘ এ এক নতুন ধরনের রোগ, নামটা বেশ কেতাদুরস্ত। অস্টিওপেনিয়ার জন্য আমি যে ইনজেকশনটি নিয়েছিলাম, এটা তারই পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। কিংবা ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন নেওয়ার কারণেও হতে পারে। এই মুহূর্তে হাসলে, শ্বাস নিলে, হাঁটলে বসলে সবেতেই কষ্ট হচ্ছে।’’
জিম করতে গিয়েই আচমকা আঘাত পান অভিনেত্রী। তাঁর কথায় ‘‘না, আমি সব সময় এই রোগটা নিয়ে ইতিবাচক নই। তবে আমি খুব নেতিবাচকও নই। তাই আজও ঠিক জিমে পৌঁছে গিয়েছিলাম। কারণ, এটা আমার সবচেয়ে আনন্দের জায়গা। কারণ আমরা সকলেই কখনও না কখনও ভেঙে পড়ি। কিন্তু আমরা কি আবারও উঠি না? এই সময়টাও পার করে ফেলব।’’
