
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিতর্ক যেন তাঁর সঙ্গী। জনপ্রিয় র্যাপার বাদশা আবারও সমালোচনার কেন্দ্রে। সদ্য মুক্তি পাওয়া তাঁর নতুন গান ‘টাটিরি’ ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে, গানের কথা ও মিউজিক ভিডিওতে নারীদের আপত্তিকর ও অসম্মানজনকভাবে দেখানো হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই র্যাপারকে তলব করেছে হরিয়ানা মহিলা কমিশন।
গত ১ মার্চ সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় ‘টাটিরি’ গানটি। প্রথমদিকে অনেক অনুরাগী গানটি নিয়ে উৎসাহ প্রকাশ করলেও অল্প সময়ের মধ্যেই নেটমাধ্যমে শুরু হয় সমালোচনা। অভিযোগ, গানটির কথায় ও দৃশ্যায়নে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে, যা সমাজে নেতিবাচক বার্তা ছড়াতে পারে। মিউজিক ভিডিওর শুরুতেই দেখা যায়, স্কুলব্যাগ কাঁধে কয়েকজন ছাত্রী নাচতে শুরু করেছেন। সেই নাচের সঙ্গে রয়েছে কিছু অশ্লীল অঙ্গভঙ্গি এবং চটুল গানের কথা—যা নিয়েই আপত্তি তুলেছেন অনেকেই। বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ নেয় মহিলা কমিশন। এই প্রসঙ্গে কমিশনের প্রধান রেনু ভাটিয়া জানান, “এই ধরণের গান জনমানসে নেতিবাচক প্রভাব ফেলছে।” তবে ‘টাটিরি’ গানটির জন্য বাদশার দুর্ভোগ অবশ্য এখানেই থামেনি!

শুধু কমিশনের তলবই নয়, হরিয়ানার পঞ্চকুলার সেক্টর ২০-র সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। অভয় চৌধুরী নামে এক ব্যক্তি অভিযোগ করেন, গানটির দৃশ্য ও উপস্থাপনা নারীদের মর্যাদাহানি করছে এবং স্কুলপড়ুয়াদের এমনভাবে দেখানো ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। এই অভিযোগের ভিত্তিতে মামলার শুনানি আগামী ১৬ মার্চ নির্ধারিত হয়েছে। বিতর্ক বাড়তে থাকায় ইতিমধ্যেই ইউটিউব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ‘টাটিরি’ গানটি। ফলে নতুন গান প্রকাশের পরই আবারও আইনি জটিলতা ও সমালোচনার মুখে পড়লেন জনপ্রিয় র্যাপার বাদশা।
