
লখনউ, ৬ জুন) : উত্তর প্রদেশের ফৈজাবাদ (অযোধ্যা) আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। এই লোকসভা কেন্দ্রেই রয়েছে অযোধ্যার রামমন্দির। মনে করা হয়েছিল, রামমন্দিরকে সামনে রেখে হিন্দুত্বের আবেগ উস্কে এ বারও ওই কেন্দ্রে জয় হাসিল করবে পদ্মশিবির। কিন্তু ফৈজাবাদের দু’বারের সাংসদ লাল্লু সিংহকে ৫০ হাজারেরও বেশি ভোটে হারিয়ে দেন অবধেশ প্রসাদ।
এই জয়ের পর অবধেশ প্রসাদ বলেছেন, সেই সময় বেশি দূর নয়, যেদিন বিজেপি সমগ্র দেশ থেকে উৎখাত হবে। বৃহস্পতিবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবধেশ প্রসাদ বলেছেন, "বিজেপি সরকারের বিষয় ছিল মন্দির, মসজিদ, হিন্দু, পাকিস্তান...আমাদের দেশের আসল বিষয় হল মুদ্রাস্ফীতি, ৭ লক্ষ যুবক পুলিশ বাহিনীতে ভর্তির জন্য আবেদন করেছিল, কঠোর পরিশ্রম করেছে, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল... সেই সময় বেশি দূরে নয়, যখন গোটা দেশ থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে..."
