
শিমলা, ১১ আগস্ট : হিমাচল প্রদেশে এই মুহূর্তে সক্রিয় রয়েছে বর্ষা। পাহাড়ি এই রাজ্যের ৬টি জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বৃষ্টিজনিত কারণে ইতিমধ্যেই হিমাচল প্রদেশে ১২৪টি সড়ক বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বর্ষণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাজ্যজুড়ে ১২৪টি রাস্তা এখনও বন্ধ রয়েছে; পাশাপাশি প্রায় ২৫৫টি ট্রান্সফরমার ও ১৭টি জল সরবরাহ প্রকল্পও অচল হয়ে আছে। রাজ্য জরুরি কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া সড়কগুলির মধ্যে মান্ডিতে ৫১টি, কুল্লুতে ৩৯টি, শিমলায় ১৩টি, চাম্বায় সাতটি, সিরমৌরে ছয়টি, কাংড়ায় পাঁচটি এবং উনায় তিনটি সড়ক রয়েছে। শিমলা, কাংড়া, কুল্লু, সিরমৌর-সহ বিভিন্ন জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।
