
গুয়াহাটি, ৩১ জুলাই : মানবিক সেবা ও জনকল্যাণের প্রতি অবিচল অঙ্গীকারের নিদর্শনস্বরূপ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ‘ভারত স্কাউটস অ্যান্ড গাইডস’-এর সদস্যরা অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের সহায়তার লক্ষ্যে ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণের এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। এই অভিযানের অংশ হিসেবে গত ২৭ জুলাই থেকে আজ ৩১ জুলাই পর্যন্ত মালিগাঁওয়ে অবস্থিত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরে বন্যাত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণের একটি বুথ স্থাপন করা হয়েছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের প্রিন্সিপাল চিফ পার্সনাল অফিসার (পিসিপিও) ২৭ জুলাই অন্যান্য বরিষ্ঠ আধিকারিক ও কর্মচারী এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস-এর সদস্যদের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। এই প্রচেষ্টায় রেলওয়ের কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বন্যাদুর্গত পরিবারগুলির জন্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী উদারভাবে প্রদান করেন।
আজ শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ত্রাণ সামগ্রী সংগ্রহের অভিযান থেকে এগিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ‘ভারত স্কাউটস অ্যান্ড গাইডস’-এর মরিয়নি জেলা শাখার সদস্যরা শিবসাগর ও যোরহাট জেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছিয়ে দুর্দশার শিকার জনসাধারণকে যথাসময়ে সহায়তা ও নৈতিক সমর্থন প্রদান করেন তাঁরা। স্বেচ্ছাসেবকরা স্থানীয় বাসিন্দাদের সাথে সক্রিয়ভাবে যোগাযোগ করে নিশ্চিত করেছেন, ত্রাণ সামগ্রী যেন প্রকৃত দুর্দশাগ্রস্তদের কাছে পৌঁছয়। এর মাধ্যমে স্কাউটস অ্যান্ড গাইডস মুভমেন্টের মূল আদর্শ যেমন সেবা, সহানুভূতি এবং সমাজের প্রতি নিঃস্বার্থ সমর্পনের প্রতিফলন ঘটেছে, বলেন কপিঞ্জল কিশোর শর্মা।
