
পাটনা, ১০ মার্চ: বিহারের গয়া থেকে ৩ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করেছে রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। রবিবার বিহারের গয়া জেলার শেরঘাটির সাভকালা টোল প্লাজার কাছে চোরাকারবারিদের গাড়ি থেকে ৩ কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।
সেইসঙ্গে ৩ জন চোরাকারবারীকে গ্রেফতারের পাশাপাশি ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, চোরাকারবারিরা একটি গাড়িতে করে সোনা নিয়ে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে পৌঁছয়। সোনাগুলি গোয়ালিয়রে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই ডিআরআই সোনা পাচারকারীদের ধরে ফেলে।
ডিআরআই-য়ের মুম্বই জোন সোনা পাচারের গোপন তথ্য পেয়েছিল। তারপরই মুম্বইয়ের ডিআরআই পাটনায় তাদের দলকে এবিষয়ে জানায়। এরপরে, পাটনা থেকে ডিআরআই দল গয়ায় গিয়ে শেরঘাটির সাভকলা টোল প্লাজার কাছে গাড়িতে থাকা তিন চোরাকারবারীকে গ্রেফতার করেছে। ১৯৬২ সালের শুল্ক আইনের অধীনে এদের গ্রেফতার করা হয়। সোনা পাচারে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির সামনের সিটের নিচে থাকা গোপন চেম্বার থেকে ২২টি বিস্কুট এবং ৩৯৮৭.৩০০ গ্রাম ওজনের ৮টি সোনার কাটা টুকরো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ২ কোটি ৭৪ লক্ষ ৯৪ হাজার ৬৫৬ টাকা বলে জানা গিয়েছে।
