
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বঙ্গ নির্বাচনের আগে বিরোধী জোটের সমীকরণ ক্রমশ আরও স্পষ্ট হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে একে একে দাঁড়াচ্ছেন ইন্ডিয়া জোট-এর শরিকরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন উদ্ধব ঠাকরে। শিব সেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র প্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “মমতা বাংলায় বাঘিনীর মতো লড়ছেন, তাঁরই জেতা উচিত।” ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, তেজস্বী যাদব-রা মমতার সমর্থনে সরব হয়েছেন। হেমন্ত সোরেন ও কল্পনা সোরেন সরাসরি বাংলায় প্রচারেও অংশ নিয়েছেন। কংগ্রেস ও বামেদের দূরত্ব সত্ত্বেও, বিরোধী জোটের এই সমর্থন তৃণমূলের পক্ষে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে।
মহারাষ্ট্রের এক সভায় উদ্ধব বলেছেন, “বাংলার বাঘিনী একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে। তিনিই জিতবেন।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ইতিমধ্যেই রাজ্যে প্রচার করে গিয়েছেন। সেটা নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে উদ্ধবের মুখে। তিনি বলছেন, “এখানে আইনশৃঙ্খলার বেহাল দশা। এখানে প্রকাশ্যে মাদক পাওয়া যাচ্ছে। স্বঘোষিত ধর্মগুরুরা র্যাকেট চালাচ্ছে। আর মুখ্যমন্ত্রী বাংলায় যাচ্ছেন প্রচার করতে।” বাংলার ভোটের জন্য কমিশন যে নজিরবিহীন কড়াকড়ি করছে সেটাকেও কটাক্ষ করেছেন উদ্ধব। তাঁর কথায়, “বাংলায় ২০ লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে জেতার চেষ্টা করছে। এরপর জিতে গেলে কৃতিত্ব দাবি করবে বিজেপি। মণিপুরে জাতিদাঙ্গা রোখার জন্য ৫০ হাজার বাহিনীও ছিল না।”
উদ্ধব যেভাবে ভোটের মুখে মমতার পাশে দাঁড়ালেন সেটা বেশ তাৎপর্যপূর্ণ। তৃণমূল নেত্রীর সঙ্গে অবশ্য উদ্ধব ঠাকরের সম্পর্ক দীর্ঘদিনের। লোকসভা ভোটের আগেও শিব সেনার উদ্ধব শিবিরের সুপ্রিমোর সঙ্গে কথা বলেছেন মমতা। ভোটের পর মহারাষ্ট্রে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা করে আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বস্তুত ইন্ডিয়া জোটের অন্দরে উদ্ধব এবং মমতার আলাদা রসায়ন রয়েছে। সেটারই প্রতিফলন দেখা গেল উদ্ধবের বক্তব্যে।
