kolkata

1 hour ago

Kabir Suman: ‘রাস্তায় ময়লা নেই, জল-বিদ্যুৎও পাচ্ছি’, নতুন সরকারের কাজে প্রশংসায় কবীর সুমন

Kabir Suman praises BJP Government
Kabir Suman praises BJP Government

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের কাজকর্মের প্রশংসা করলেন সঙ্গীতশিল্পী কবীর সুমন। তাঁর দাবি, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হয়েছে এবং পাড়ার পর পাড়ায় নজর দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে আগের মতো ময়লা জমে থাকতে দেখা যাচ্ছে না বলেও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। এই পরিবর্তনের জন্য বিজেপি নেতাদের সাধুবাদ জানিয়েছেন কবীর সুমন। একই সঙ্গে টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর কাজেরও প্রশংসা করেছেন তিনি। সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে তাঁর এই ইতিবাচক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। 

সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় সুমন জানিয়েছেন, সম্প্রতি তাঁর পাড়ায় একটি সমস্যা হওয়ায় স্থানীয় বিধায়কের খোঁজ করেন তিনি। তাঁর এক কথায় কাজ হয়ে যায়। বিধায়ক পাপিয়া নিজে উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করে দেন। আগে থেকে পরিচয় না-থাকা সত্ত্বেও তাঁর কথায় গুরুত্ব দিয়ে পাপিয়া যে ভাবে কাজ করেছেন, তাতে খুশি সুমন। ভিডিয়োতে তিনি বলেন, ‘‘আমি কলকাতা পুরসভার ১০০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কিছু দিন আগে আমাদের পাড়ায় একটা সমস্যা দেখা দেয়। আমার বাড়ির পাশে একটা লম্বা গাছ আছে। এতই লম্বা যে, সময়মতো না ছাঁটলে তা ঝড়বৃষ্টিতে নুইয়ে পড়ে। পাশে বিদ্যুৎবাহী তার। এখানকার কাউন্সিলরের কী হয়েছে জানি না। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কার কাছে যাব ভাবছিলাম।’’ 

নতুন সরকারের কাউকে চিনতেন না বলে জানিয়েছেন সুমন। এক পরিচিতের কাছ থেকে তিনি বিধায়ক পাপিয়ার নম্বর জোগাড় করেন। হোয়াট্‌সঅ্যাপে তাঁকে সমস্যার কথা জানালে এক দিনের মধ্যে সব কাজ হয়ে যায়। তাঁর কথায়, ‘‘নতুন বিধায়কের সঙ্গে আমার কোনও পরিচয় ছিল না। তাঁকে সমস্যা জানাতে তিনি কালবিলম্ব না করে এগিয়ে এলেন। উঁচু গাড়ি পাঠিয়ে তিনি গাছটি ছাঁটার ব্যবস্থা করলেন। ছেঁটে ফেলা ডাল, পাতা ইত্যাদি সরিয়েও নিয়ে যাওয়া হল। রাস্তার আলো নিবে গিয়েছিল। তাঁরা খেয়াল করে তা সারিয়ে দিলেন রাতারাতি।’’ এর পরেই সুমনের উপলব্ধি, ‘‘নতুন সরকার এসে কাজ করছে। পাড়ার দিকে নজর দিচ্ছে। রাস্তায় ময়লা জমে থাকছে না। জল, বিদ্যুৎ পাচ্ছি। এর বাইরে এই বয়সে আর কিছু ভাবতেও পারছি না। আমি অত্যন্ত প্রীত। সহনাগরিকেরাও সেই কথা বলবেন আশা করি।’’

সুমনের এই ভিডিয়ো পাপিয়া নিজের সমাজমাধ্যমের পেজে পোস্ট করেছেন। লিখেছেন, ‘‘এই জন্যই সরকার পাল্টেছে। বিজেপি এসেছে। আমরা আপনাদের পাশে, আমরা আপনাদের সেবায়, আপনাদের সঙ্গে।’’ উল্লেখ্য, তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন সুমন। ২০০৯ সালে তৃণমূলের হয়ে যাদবপুর থেকে লোকসভা নির্বাচনে জিতে সাংসদও হয়েছিলেন তিনি। একাধিক বার বিজেপির সমালোচনাও করেছেন প্রকাশ্যে। সরকার পরিবর্তনের পর পরিষেবা পেয়ে এ বার সেই বিজেপির প্রশংসা শোনা গেল তাঁর মুখে। 

You might also like!