জম্মু, ৬ আগস্ট : অনুচ্ছেদ ৩৭০ ধারা বাতিলের সপ্তম বর্ষ উপলক্ষ্যে নিরাপত্তাজনিত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার স্থগিত রাখা হয়েছিল অমরনাথ যাত্রা। একদিন স্থগিত থাকার পর, বৃহস্পতিবার বার্ষিক অমরনাথ যাত্রা পুনরায় শুরু হয়েছে। জম্মুর ভগবতী নগর জয়েন্ট পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তীর্থযাত্রীদের ২৮-তম দলটি বৃহস্পতিবার ভোররাত ২টা ৪৫ মিনিটে ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। তবে, পহেলগাম রুটে কোনও কনভয় পাঠানো হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১,৮০১ জন তীর্থযাত্রী—যাদের মধ্যে ১,৩৪৭ জন পুরুষ, ৩৫১ জন মহিলা, ৮৯ জন সাধু এবং ১৪ জন সাধ্বী ছিলেন—৭৪টি গাড়ির একটি কনভয়ে করে বালতালের উদ্দেশ্যে রওনা হন। এই কনভয়ে ৪০টি বাস (৩৭+৩), ১২টি মাঝারি আকারের মোটরযান, ১৯টি হালকা মোটরযান এবং তিনটি দু-চাকার গাড়ি রয়েছে।
