
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন অভিযোগে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পর্ব অব্যাহত। এবার পুলিশের নজরে এলেন তৃণমূলের শিক্ষক সংগঠনের এক প্রভাবশালী নেতা। সোমবার ভোরে ডায়মন্ড হারবার থানার পুলিশ তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং শিক্ষক নেতা মইদুল ইসলাম-কে আটক করে বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রভাব খাটিয়ে দুর্নীতি, ভয় দেখানো এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল।
ডায়মন্ড হারবারের বাঁশুলডাঙার বাসিন্দা মইদুল ইসলাম প্রথমে সিপিএম সমর্থক ছিলেন। পরে রাজ্য তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শিবির বদল করেন। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হওয়ার পর তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মইদুলের। শোনা যায়, সেই প্রভাবেই মইদুল তৃণমূলের শিক্ষা সংগঠনের রাজ্য সভাপতি হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। একবার মইদুলের বাড়িতে তল্লাশিও চালায় পুলিশ। সেসময় দীর্ঘক্ষণ গৃহবন্দি ছিলেন মইদুল। নিরাপত্তা নিয়ে আতঙ্কিতও হয়ে পড়েছিলেন।
তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলাম-কে ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, সোমবার ভোরে সম্ভাব্য আইনি পদক্ষেপের আশঙ্কায় তিনি মোটরবাইকে এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন। সেই সময় হটুগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।তদন্তকারী সূত্রের দাবি, এর আগের দিন নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হলে মইদুল দীর্ঘ সময় ইডি দপ্তরের বাইরে অবস্থান করেছিলেন। রাতের দিকে তিনি ডায়মন্ড হারবারে ফিরে গেলে তাঁর গতিবিধির উপর নজরদারি চালানো হচ্ছিল বলেও জানা গিয়েছে।এদিকে, সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কা নিয়ে কয়েক দিন আগেই সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন মইদুল। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কথা ঘোষণা করেনি, তবে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
