Travel

1 hour ago

Railway Update: রেলযাত্রীদের জন্য বড় খবর, সফরের আগে জেনে নিন নয়া নিয়ম

Train Travel Rules
Train Travel Rules

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ছুটির পরিকল্পনা মানেই অনেকের কাছে ট্রেনযাত্রা। জানালার ধারে বসে প্রকৃতি দেখা, স্টেশনের কোলাহল আর দীর্ঘ সফরের আলাদা আনন্দ রয়েছে। তবে এবার সেই যাত্রার অভিজ্ঞতাকে আরও সহজ ও যাত্রীবান্ধব করতে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনছে ভারতীয় রেল। টিকিট বুকিং থেকে শুরু করে যাত্রীসুবিধা— বিভিন্ন ক্ষেত্রে নতুন কিছু নির্দেশিকা কার্যকর হয়েছে। ফলে ট্রেনে ওঠার আগে এই নিয়মগুলি জেনে নেওয়া জরুরি।

১) আগেভাগে টিকিট কেটে রাখার অভ্যাসে এবার একটু রাশ টানতে হবে। ফাটকা বুকিং রুখতে টিকিট বাতিলের নিয়মে বড় বদল এসেছে। এখন থেকে ট্রেনের নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার বেশি আগে টিকিট বাতিল করলে তবেই মিলবে সর্বোচ্চ ফেরতযোগ্য অর্থ। সময় যত কমবে, জরিমানার কোপ তত বাড়বে। ট্রেন ছাড়ার ৭২ থেকে ২৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ২৫ শতাংশ এবং ২৪ থেকে ৮ ঘণ্টা আগে বাতিল করলে ৫০ শতাংশ টাকা কেটে নেওয়া হবে। সবচেয়ে বড় কথা, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে থেকে আর কোনও রিফান্ড পাওয়া যাবে না।

২) টিকিট কনফার্ম হয়নি? তবে আর সংরক্ষিত কামরায় পা রাখা যাবে না। ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে এসি এবং স্লিপার ক্লাসে ওয়েটিং লিস্টের যাত্রীদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। চার্ট তৈরির পরেও যদি টিকিট ওয়েটিং লিস্টে থাকে, তবে তা আর সংরক্ষিত কামরার জন্য বৈধ নয়। এই নিয়ম ভাঙলে ২৫০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত জরিমানা এবং ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে। তবে অপেক্ষা করার জন্য দেশের প্রায় ১০০টি স্টেশনে বিশেষ হোল্ডিং এরিয়া তৈরি করছে রেল।

৩) লোয়ার বার্থ নিয়ে সহযাত্রীদের সঙ্গে বচসা এবার থামবে বলেই মনে হয়। রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঘুমানোর সময়সীমা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। এই আট ঘণ্টাই শুধু লোয়ার বার্থে শোয়া যাবে। সকাল ৬টা বাজলেই মিডল এবং আপার বার্থের যাত্রীদের সিট গুটিয়ে নিতে হবে, যাতে নিচের আসনে সবাই মিলে বসতে পারেন। আবার উলটোদিকে, দিনের বেলায় লোয়ার বার্থের যাত্রী ওই সিটে একাধিপত্য দাবি করতে পারবেন না।

৪) রাতের ট্রেনে শান্তির ঘুম নিশ্চিত করতে জারি হয়েছে ‘কোয়াইট আওয়ার্স’। রাত ১০টার পর কামরার ভেতর ফোনে জোরে কথা বলা বা স্পিকারে গান-ভিডিও চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। পরিবর্তে যাত্রীকে হেডফোন ব্যবহার করতে হবে। 

৫) রাত ১০টার পর ট্রেনের আলো নিভেয়ে দেওয়া হবে। এই সময় কোনও টিটিই আপনার ঘুম ভাঙাবেন না। নিয়ম অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে বার্থ ভেরিফিকেশন বা টিকিট পরীক্ষা করা যাবে না। তবে যারা রাত ১০টার পর ট্রেনে উঠবেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। 

৬) টিকিট কালোবাজারি রুখতে প্রযুক্তিকে ঢাল করেছে রেল। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে চালু হচ্ছে IRCTC-র নতুন ওয়েবসাইট। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ টিকিট বুকিং-এর সময় ওয়েবসাইট ধীর হয়ে যায়। সেই সমস্যা এবার মিটবে। শুধু তাই নয়, টিকিট বুকিং উইন্ডো খোলার প্রথম ১৫ মিনিটে টিকিট কাটতে হলে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রবীণ নাগরিক বা প্রতিবন্ধী সহ যেকোনও ছাড়ের সুবিধা নিতে হলে আইআরসিটিসি প্রোফাইলের সঙ্গে আধার স্থায়ীভাবে লিঙ্কড থাকতে হবে। 

রেল কর্তৃপক্ষের দাবি, এই পরিবর্তনগুলির ফলে যাত্রীদের ভ্রমণ আরও স্বস্তিদায়ক, নিরাপদ এবং ঝঞ্ঝাটমুক্ত হবে। তাই পরবর্তী ট্রেন সফরের আগে নতুন নিয়মগুলি সম্পর্কে ওয়াকিবহাল থাকাই বুদ্ধিমানের কাজ। 

You might also like!