kolkata

2 years ago

Sisir Adhikari : শিশির অধিকারীর সম্পত্তির তথ্য তুলে ধরে বিতর্ক উসকে দিলেন কুণাল

Sisir Adhikari  -  Kunal Ghosh
Sisir Adhikari - Kunal Ghosh

 

কলকাতা, ৪ নভেম্বর : শুক্রবারই তিনি বলেছিলেন, ”অধিকারী পরিবারের সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে।” আর শনিবারই নিজের এক্স হ্যান্ডলে শিশির অধিকারীর সম্পত্তির তথ্য তুলে ধরে বিতর্ক উসকে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কুণালের দাবি, ২০০৯ সালে নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী জানিয়েছিলেন তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। এর পরই তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। ২০১২ সালে প্রধানমন্ত্রীর দফতরের ঘোষণা অনুযায়ী সেই সম্পদের পরিমাণই দাঁড়ায় ১০ কোটিরও বেশি। আবার ২০১৯ সালে শিশিরবাবু জানিয়েছেন, সম্পদের পরিমাণ ৩ কোটি।

এই তথ্য তুলে ধরে তৃণমূল মুখপাত্রের প্রশ্ন, ‘তথ্য ঠিক না ভুল? ১০ লাখ তিন বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল?’ বর্ষীয়ান রাজনীতিকের সম্পদের গরমিলের কথা জানিয়ে প্রশ্ন তুললেন, “কোন জাদুবলে এমনটা সম্ভব হল”?

উল্লেখ্য, বুধবার নাম না করে অধিকারী পরিবারের সম্পত্তির বিষয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসবে।’ এর জবাবে শুভেন্দু অধিকারী নিজের আয়কর রিটার্নের নথি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন। তা নিয়ে কটাক্ষ করে কুণাল ঘোষ শুক্রবার ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের বেনিয়ম ফাঁস করার হুঁশিয়ারি দেন। অবশেষে শনিবার শিশির অধিকারীর সম্পত্তির গরমিলের অভিযোগ তুলতে দেখা গেল তাঁকে।


You might also like!