kolkata

2 years ago

Amit Shah: ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ; নিশ্ছিদ্র নিরাপত্তা, ধর্মতলায় 'শাহি সভা'র প্রস্তুতিতে রাজ্য বিজেপি

Amit Shah
Amit Shah

 

কলকাতা, ২৮ নভেম্বর : ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বুধবার। কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। গত রবিবার হয়েছে খুঁটিপুজো। সোমবার সকাল থেকেই শুরু হয় মঞ্চ বাঁধার কাজ। তৃণমূলের একুশে জুলাইয়ের মতো বিজেপির সভাতেও তৈরি হচ্ছে তিনটি মঞ্চ। মূল মঞ্চ থেকে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিজেপি বিধায়ক এবং সাংসদরা। উপস্থিত থাকার কথা কেন্দ্রের তরফে রাজ্যের পর্যবেক্ষণের দায়িত্ব পাওয়া নেতাদেরও।

মঞ্চে থাকবেন ‘শহিদ’ (ভোট পরবর্তী হিংসায় মৃত্যু) পরিবারের সদস্যরাও। এই মঞ্চের সামনেই রাখা থাকবে দশটি ‘ড্রপ বক্স’। সরকারি প্রকল্প থেকে বঞ্চিতরা এখানে তাঁদের অভিযোগপত্র জমা করবেন। ২৯ নভেম্বর, বুধবার ধর্মতলা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন, সে দিকেই নজর গোটা রাজ্য এবং রাজনৈতিক মহলের। মঞ্চে প্রথম স্তরে বসবেন অমিত শাহ এবং রাজ্য বিজেপির সভাপতি ডঃ সুকান্ত মজুমদার ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চের দ্বিতীয় স্তরে বসবেন বিজেপির রাজ্য স্তরের অন্যান্য নেতারা।

ত্রিস্তরীয় মঞ্চে শাহের ডান ও বাম হাতে থাকছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। ধাপে ধাপে বসার জায়গা তৈরি করা হচ্ছে রাজ্যের অন্যান্য নেতৃত্ব ও বঞ্চিত সাধারণের জন্য। লোহার পিলার দিয়ে তৈরি হচ্ছে মঞ্চের কাঠামো, একটি বড় মঞ্চকেই ভাগ করা হচ্ছে ৩ টি ভাগে। সভার জন্য তৈরি করা হচ্ছে ৬০ ফুট চওড়া ত্রিস্তরীয় মঞ্চ। প্রত্যেকটি স্তর চওড়ায় হবে ১৬ ফুট করে। মূল মঞ্চ এবং ডি জোন-এর নিরাপত্তার দায়িত্বে থাকবে অমিত শাহের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। আশপাশের বাড়িগুলির ছাদ থেকে চলবে নজরদারি।


You might also like!