
কার্শিয়াং, ২১ এপ্রিল : গোর্খাদের বড় আশ্বাস দিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হওয়ার পরই, ৬ মে প্রত্যেক গোর্খার মুখে সন্তুষ্টির হাসি থাকবে। আমরা এমন সমাধান বের করব। কংগ্রেস, তৃণমূল এরা সকলে দার্জিলিঙের সঙ্গে, আমার দেশভক্ত গোর্খা ভাইয়ের সঙ্গে অন্যায় করেছে। আমি ৯ বছর ধরে এখানে আসছি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বিজেপির সরকার গঠিত হলেই ৬ মে-র মধ্যে এত দিন ধরে ঝুলে থাকা গোর্খা সমস্যার সমাধান করে যাব। গোর্খাদের মতো করেই সমাধান করব।”
মঙ্গলবার শেষ হচ্ছে প্রথম দফার ভোটের প্রচার। প্রথম দফার ভোটের প্রচারপর্বের শেষ দিনে কার্শিয়াং-এ জনসভা করেন অমিত শাহ। তিনি এদিন বলেন, “আমি দার্জিলিঙের সভায় যেতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। হেলিকপ্টার ওড়ার অনুমতি ছিল না। ওই সময় আবহাওয়া ঠিক ছিল না। তখন আমি ভিডিয়ো বার্তায় বলেছিলাম, ২১ তারিখ আমি অবশ্যই আসব। আপনাদের সঙ্গে দেখা করেই দিল্লি যাব। আপনাদের সঙ্গে দেখা করতেই আজ এসেছি।” শাহ বলেন, “পুরো পশ্চিমবঙ্গ ঘুরতে ঘুরতে আজ শেষ দিনে পাহাড়ে এসেছি। আমি আপনাদের বলছি, এ বার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হচ্ছে। আমাদের উপর অত্যাচার করা মমতাদিদিকে টাটা বাই–বাই করার সময় হয়ে গিয়েছে।” উত্তরবঙ্গবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা এক বার বিজেপির সরকার গঠন করে দিন। তিনটি নির্বাচন ধরে দার্জিলিং তো পদ্মফুলে ভোট দিচ্ছেই। কিন্তু পশ্চিমবঙ্গের বাকি অংশ থেকে তেমন সমর্থন আসত না। এ বার পুরো পশ্চিমবঙ্গ স্থির করে নিয়েছে, দিদিকে ক্ষমতাচ্যুত করার সময় এসে গিয়েছে।”
