kolkata

1 hour ago

Bike rules during vote: নির্বাচনে নতুন বিধিনিষেধ;বাইকের পেছনে কাউকে বসানো যাবেনা, কমিশনের কড়া নির্দেশ

West Bengal assembly elections Bike rules
West Bengal assembly elections Bike rules

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার মোটরবাইক চলাচলের উপরেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনের দু’দিন আগে থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা গিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের সময় ‘বাইক বাহিনী’র দাপট রুখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কমিশনের এই পদক্ষেপ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। সমালোচকদের একাংশের কটাক্ষ, ভবিষ্যতে হয়তো সাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। যদিও কমিশন স্পষ্ট জানিয়েছে, এটি সম্পূর্ণরূপে আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই গৃহীত সিদ্ধান্ত।  ইতিমধ্যে কমিশনের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে স্পর্শকাতর এলাকায় নিষিদ্ধ হচ্ছে বাইক র‍্যালি বা মোটরসাইকেল মিছিল। এমনকী প্রত্যেকদিন সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিষিদ্ধ থাকবে মোটরবাইক চালানোও। যদিও এক্ষেত্রে জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা পরিবারের প্রয়োজনে বাইক চালানোর উপর রয়েছে ছাড়। 


শুধু তাই নয়, বাইকে আরোহী বসানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনও আরোহীকে বসানো যাবে না বলে নিষেধাজ্ঞায় জানানো হয়েছে। তবে এক্ষেত্রেও রয়েছে কমিশনের ছাড়। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল পড়ুয়াকে পৌঁছে দেওয়া, চিকিৎসার প্রয়োজনে কিংবা পারিবারিক দরকারে এই নিয়মে রয়েছে ছাড়।  এর বাইরে কোনও প্রয়োজনে ছাড় নিতে হলে, সংশ্লিষ্ট থানার থেকে লিখিত অনুমতি সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে বলে স্পষ্ট বার্তা কমিশনের। শুধু তাই নয়, এই নিয়ম যাতে কড়াভাবে পালন করা হয় সেজন্য জেলা প্রশাসন এবং পুলিশকে তা নিশ্চিত করতেও নির্দেশ কমিশনের। 

You might also like!