
হরিদ্বার, ১৮ এপ্রিল : দীর্ঘ প্রতীক্ষার অবশেষে অবসান হতে চলেছে। ১৯ এপ্রিল, রবিবার থেকে শুরু হচ্ছে এই বছরের চারধাম যাত্রা। ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। পুণ্যার্থীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। হরিদ্বারের ঋষিকুল ময়দানে শুরু হয়েছে অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
এই বছর ১৯ এপ্রিল থেকে শুরু হবে চারধাম যাত্রা। রবিবার পুণ্যার্থীদের জন্য খুলে যাবে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। এরপর ২২ এপ্রিল খুলবে কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ মন্দির উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে পুন্য রূপে শুরু হয়ে যাবে এই বছরের চারধাম যাত্রা। কেদারনাথ যাত্রার প্রস্তুতি হিসেবে জেলা প্রশাসন এ বছরের তীর্থযাত্রার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। একটি অত্যাধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। গৌরিকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত সমগ্র যাত্রাপথটির ওপর কড়া নজর রাখার জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
