দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। খসড়া তালিকা প্রকাশের পর থেকে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত প্রায় ৭ লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে তালিকায়।কমিশন সূত্রে জানা গিয়েছে, ফর্ম-৬ জমা দিয়ে মোট প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে যাচাই-বাছাইয়ের পর এই নতুন ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে।
গত ৯ এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত মোট ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন নতুন ভোটার (New Voter) যুক্ত হয়েছেন। এর মধ্যে প্রথম দফায় বেড়েছে ৩ লক্ষ ২২ হাজার ১৭ জন এবং দ্বিতীয় দফায় ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ জন।উল্লেখযোগ্য ভাবে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশের দিনই ১ লক্ষ ৮৮ হাজার ২০৭ জন নতুন ভোটার যুক্ত হয়েছিলেন। তার পরবর্তী এক মাসে আরও প্রায় ৫ লক্ষ নতুন নাম যোগ হয়েছে বলে জানিয়েছে কমিশন।জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি নতুন ভোটার যুক্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনায় ৭১ হাজারের বেশি এবং কলকাতায় প্রায় ৪৪ হাজার নতুন নাম উঠেছে ভোটার তালিকায়।তবে কমিশনের পরিসংখ্যানে একটি প্রবণতা স্পষ্ট— পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলক ভাবে বেশি হারে কমেছে। খসড়া তালিকাতেও একই প্রবণতা দেখা গিয়েছিল।
উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধনের (SIR) আগে রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। তবে এখনও পর্যন্ত রাজ্যের মোট ভোটার কমেছে ৮৩ লক্ষ ৮৬ হাজার ৫২১। পুরুষের তুলনায় বেশি কমেছে মহিলা ভোটার।বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮। কমিশনের দেওয়া বিধানসভা কেন্দ্রভিত্তিক তথ্য অনুযায়ী এই সংখ্যায় পুরুষ ভোটার ৩ কোটি ৪৯ লক্ষের বেশি, মহিলা ভোটার ৩ কোটি ৩৩ লক্ষের কিছু বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,২৫৭ জন।কমিশন সূত্রে খবর, ট্রাইবুনালের বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তির পর এই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে।
