Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের

Puja organizers give Suvendu a 'return gift'
Puja organizers give Suvendu a 'return gift'

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুজোর সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত জানাতে শুরু করেছে কলকাতার বেশ কয়েকটি বড় পুজো কমিটি। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজডাঙা নব উদয় সংঘ, সুরুচি সংঘ, সমাজসেবী সংঘের মতো নামী পুজো কমিটিগুলি ১ লক্ষ টাকা করে সরকারি অনুদান গ্রহণ করবে না বলে জানিয়েছে। শুধু অনুদান প্রত্যাখ্যানই নয়, কৃতজ্ঞতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে মুখ্যমন্ত্রীর তহবিলে পাল্টা ১ লক্ষ টাকা করে ‘রিটার্ন গিফট’ দেওয়ার কথাও ঘোষণা করেছে ওই পুজো কমিটিগুলি। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলার একাধিক বড় পুজো কমিটিও সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। মুখ্যমন্ত্রীর আবেদনের পর পুজো কমিটিগুলির এই সিদ্ধান্তকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। 

মুখ্যমন্ত্রীর আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার পর্যন্ত যে সমস্ত পুজো কমিটির নাম সামনে এসেছে তার মধ্যে আরও উল্লেখযোগ্য- সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী, ত্রিধারা, সন্তোষপুর লেকপল্লি, টালা প্রত্যয়, চোরবাগান সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, হাতিবাগান সর্বজনীন, শ্যাম স্কোয়ার সম্মিলনী, বাবুবাগান সর্বজনীন দুর্গোৎসব, ফুলবাগান সর্বজনীন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে সমস্ত পুজো কমিটি এই সরকারি অনুদান নেবে না, তাদের ‘বিশেষভাবে ধন্যবাদ’ জানানো হবে। তবে যাঁরা পুজোর আয়োজনে এই ১ লাখ টাকার সরকারি সাহায্য চান, তাঁরা অবশ্যই স্থানীয় থানা মারফত আবেদন করবেন। 

মিলনমেলায় দুর্গাপুজোর প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী আবেদন করার ঘণ্টা দু’য়েক পরেই মধ্য কলকাতার লেবুতলার সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয়। পুজোর কর্ণধার বিধায়ক সজল ঘোষের কথায়, “আগের সরকারের সময়েও কখনওই অনুদান নিতাম না। টাকা না নেওয়ায় কপালে জুটত পুলিশি হেনস্তা। এবারও নেব না। আমরা বিশ্বাস করি, এই অর্থ গরিবের শিক্ষা-স্বাস্থ্য-সহ নাগরিক পরিষেবায় ব্যয় হোক।” এদিন রাজডাঙা নব উদয় সংঘের চেয়ারপার্সন কেয়া ঘোষ জানান, “অনুদান শুধু নেব না তাই নয়, উৎসবের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পুজো কমিটি মুখ্যমন্ত্রীর তহবিলে আরও এক লাখ টাকা জমা দেবে।” প্রায় একই সুরে নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজোর সম্পাদক বিধায়ক সৌরভ শিকদার জানিয়েছেন, “গরিমা ও ঐতিহ্য রেখে এবারও চমকে দেওয়ার মতো পুজো হচ্ছে। আর পুজোয় সরকারি অনুদান আমরা শুধু নিচ্ছি না তাই নয়, উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রীর হাতে ‘রিটার্ন গিফট’ তুলে দেওয়া হবে।” আবার মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী যে পুজোর চেয়‍্যারম্যান, সেই উত্তর কলকাতার ভূপেন বোস অ্যাভিনিউয়ের শ্যাম স্কোয়ার সম্মিলনীও সরকারি অনুদান নিচ্ছে না।

বড়দিনের উৎসবের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এবারই প্রথম শুরু হওয়া কলকাতা সনাতনী সংঘের মেগাপুজোর সভাপতি শঙ্কুদেব পাণ্ডা জানিয়েছেন, “অনুদানের ১ লক্ষ টাকা চেয়ে আবেদন করছি না। উপরন্তু পুজোর ক’দিন সামাজিক দায়বদ্ধতার নানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সম্পন্ন হবে।” পুজোমণ্ডপে এবং আলোকসজ্জার বিদ্যুতের বিলে ১০০ শতাংশ মকুব, দমকল ও পুরসভা-সহ সমস্ত অনুমতি ‘ফি-ছাড়া’ হবে বলে ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। বস্তুত সেই কারণে এদিন কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার বহু নামী পুজো কমিটি মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বিশাল ব্যানার-হোর্ডিং লাগানোর পাশাপাশি একাধিক সোশাল মিডিয়ায় পোস্ট করেছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…