
কলকাতা, ১৯ নভেম্বর : শীত এসেই গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। পারদ পতন অব্যাহত কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে। রাত বাড়লেই তরতরিয়ে নামছে তাপমাত্রা, ভোরে বইছে হিমেল হাওয়া। কোথাও কোথাও সামান্য কুয়াশাও দেখা যাচ্ছে। এ সবই জানান দিচ্ছে দক্ষিণবঙ্গে শীত এসেই গিয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.০ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যে উত্তুরে হাওয়া ঢুকছে, আর তাতেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। সকালের দিকে শীতের আমেজ থাকলেও, বেলা বাড়তেই ঠাণ্ডা উধাও হয়ে যাচ্ছে। তবুও মনোরমই থাকছে আবহাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি রয়েছে। পুরুলিয়া, বীরভূম-সহ পশ্চিমের জেলাগুলিতে শীত শীত ভাব বেশি অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় শুষ্ক আবহাওয়া থাকবে। এদিকে, উত্তরবঙ্গেও জম্পেশ ঠাণ্ডা পড়েছে।
