
কলকাতা, ৫ ডিসেম্বর : রোগীর মৃত্যু ও তারপর মৃত্যুর শংসাপত্র লেখাকে কেন্দ্র করে বচসায় উত্তাল হয়ে উঠল এসএসকেএম হাসপাতাল চত্বর। রবিবার মাঝরাতে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। রোগীর আত্মীয়রা হাসপাতালে ভাঙচুর চালান বলে অভিযোগ। চিকিৎসকদেরও মারধর করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, রবিবার মধ্যরাতে এসএসকেএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছিল মহম্মদ ইরফান নামের এক যুবককে। তিনি হুগলির চুঁচুড়ার বাসিন্দা। তাঁকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পর মৃত্যুর শংসাপত্র লেখা নিয়ে ঝামেলা শুরু হয়। কর্তব্যরত ৪ জন চিকিৎসককে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি ট্রমা কেয়ার সেন্টারের চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়। হামলা চালানো হয় এক্স-রে মেশিনের উপরেও। খবর পেয়ে মধ্যরাতেই ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
