Entertainment

44 minutes ago

Vicky-Katrina Update: প্রথমবার প্রকাশ্যে ভিকি-ক্যাটরিনার পুত্র বিহান! বিমানবন্দরে ‘নো ফোটো’ অনুরোধে চর্চায় তারকা দম্পতি

Katrina Kaif and Vicky Kaushal
Katrina Kaif and Vicky Kaushal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনকে ক্যামেরার ঝলকানি থেকে দূরে রাখতে পছন্দ করেন। ছেলের জন্মের পর সেই অবস্থান আরও স্পষ্ট হয়েছে। এবার প্রথমবার তাঁদের পুত্র বিহানকে প্রকাশ্যে আনলেও, সন্তানের ছবি না তোলার অনুরোধ জানালেন তারকা দম্পতি।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা যায় ভিকি ও ক্যাটরিনাকে। তাঁদের সঙ্গে ছিল ছোট্ট বিহানও। উপস্থিত পাপারাৎজিদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় অভিনেত্রী স্পষ্টভাবে জানান, সন্তানের ছবি বা ভিডিও যেন না তোলা হয়। তবে তাঁদের অনুরোধ থাকা সত্ত্বেও খুদের মুখ দেখান ফটোগ্রাফারদের। বিমানবন্দরে উপস্থিত এক আলোকচিত্রী জানান,  ‘ক্যাটরিনা ভিকির সঙ্গে তাঁদের ছেলে ছিল, কিন্তু তাঁরা শিশুটির ছবি বা ভিডিয়ো নিতে নিষেধ করেন। তবে সকলকে দেখান ছেলের মুখ। ভীষণ মিষ্টি। দারুণ এক মুহূর্ত ছিল ওটা।’


বলিউডে এখন অনেক তারকাই সন্তানদের লাইমলাইট থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি কিংবা সোনম কাপুরও একই পথ অনুসরণ করেছেন। ভিকি ও ক্যাটরিনাও সেই ধারাতেই হাঁটছেন বলে মনে করছেন অনুরাগীরা। গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্মের সুখবর ভাগ করে নিয়েছিলেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা জানিয়েছিলেন, ‘আমাদের আনন্দের বান্ডিল এসে গিয়েছে। অপরিসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের ছেলেকে স্বাগত জানাই।’ এরপর ৭ জানুয়ারি তাঁরা তাঁদের সন্তানের নাম প্রকাশ করেন—বিহান কৌশল। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন ভিকি ও ক্যাটরিনা। সম্পর্কের মতোই বিবাহিত জীবনও বরাবর ব্যক্তিগত রেখেছেন তাঁরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা হওয়ার অনুভূতি নিয়ে মুখ খুলেছিলেন ভিকি কৌশল। অভিনেতার কথায়, ‘প্রতিদিনই নতুন এক অনুভূতি এসে ধাক্কা দেয়। এমনভাবে নিজেকে সমর্পণ করতে হয়, যা আগে কখনও কোনও কিছুর জন্য করিনি।’ তিনি এই অভিজ্ঞতাকে ‘গ্রাউন্ডিং এক্সপেরিয়েন্স’ বলেও উল্লেখ করেন। ভিকির কথায়, 'এটা এমন এক অনুভূতি, যা ভাষায় প্রকাশ করা কঠিন, আর এর জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না।’ কাজের ক্ষেত্রে ভিকিকে শেষ দেখা গিয়েছে ব্লকবাস্টার ছবি ‘ছাবা’-তে। খুব শীঘ্রই সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ শেষ অভিনয় করেছেন ‘মেরি ক্রিসমাস’ ছবিতে।

You might also like!