
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:হাই কোর্টের নির্দেশে এবার দমকলের নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস! বৃহস্পতিবার বিশাল পুলিশবাহিনীকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন দমকল আধিকারিকরা। গোটা অফিস চত্বর ঘুরে খতিয়ে দেখা হয় অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা। পরিদর্শনের বিস্তারিত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
তৃণমূলের পালাবদলের পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ড খুলতে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। তা নিয়ে অশান্তি চরমে পৌঁছয়। অভিষেক অনুগামীদের সঙ্গে কলকাতা পুরসভার আধিকারিকদের হাতাহাতি হয়। পুলিশকর্মীকেও মারধর করা হয় বলেই অভিযোগ। সেই নিয়ে তীব্র উত্তেজনার মাঝেই দমকল ক্যামাক স্ট্রিটের অফিসে যায়। ছাদ থেকে বেসমেন্ট সর্বত্র ঘুরে দেখেন দমকল আধিকারিকরা। এরপর ক্যামাক স্ট্রিটের ভবনের মালিককে নোটিস পাঠায় দমকল। ওই নোটিসে উল্লেখ করা হয়, অভিষেকের অফিসে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয। তাই তা অবিলম্বে খালি করতে হবে।
এরপর মালিকপক্ষ অভিষেকের দপ্তর খালির নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় মমতা তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা ওঠে। হাই কোর্টের তরফে জানানো হয়, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে প্রয়োজনে ফের দমকল আধিকারিকরা যেতে পারেন। তবে অবশ্যই আগে নোটিস দিতে হবে। সেই নোটিসে জানাতে হবে দমকল কবে ওই অফিসে যেতে চায়। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে নোটিস দেয় দমকল। জানানো হয়, বৃহস্পতিবার অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস পরিদর্শনে আসবে দমকল। সেই অনুযায়ী এদিন বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ অভিষেকের অফিসে যান আধিকারিকরা। অফিসের ছাদ থেকে বেসমেন্ট সর্বত্র অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। কোথাও কোনও গলদ রয়েছে কিনা, সে বিষয়ে অবশ্য কিছুই জানাননি দমকল আধিকারিকরা।
