
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জোড়াফুল প্রতীক নিয়ে আইনি টানাপোড়েনের আবহে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জগদ্ধাত্রী পুজোর মঞ্চ থেকেই কড়া বার্তা দিলেন তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, দলের প্রতীক নিয়ে কোনও আপসের পথে হাঁটতে রাজি নয় তৃণমূল।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল-আছে-থাকবেই। সাতদিন খালি দাঁড়ান।” অভিষেক বলেন, “কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে, সব সামনে আসবে।” শুধু তাই নয়, বড় পর্দায় সব তথ্য সামনে আনব বলেও দাবি করেন তিনি।
প্রসঙ্গত, কোন পক্ষের হাতে থাকবে তৃণমূলের নাম ও প্রতীক, সেই সংক্রান্ত আইনি লড়াইয়ের মাঝেই নির্বাচন কমিশনে নথি জমা দিয়েছে কালীঘাট তৃণমূল। গত রবিবার দিল্লিতে লোকসভা ও রাজ্যসভার দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনের প্রতিনিধি দল কমিশনের দপ্তরে এই নথি জমা দেয়। রাজধানীতে দাঁড়িয়ে সেদিন কল্যাণ দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গে ৩২জন বিধায়ক হলফনামা জমা দিয়েছেন। পাশাপাশি, লোকসভা ও রাজ্যসভার ১৭ জন সাংসদ, মেঘালয়ের ৫ জন ও অসমের ১ জন বিধায়কও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই হলফনামা দিয়েছেন বলে দাবি করেন শ্রীরামপুরের সাংসদ। আর এই দাবি ঘিরেই তুঙ্গে ওঠে রাজনৈতিক জল্পনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুয়ায়ী যদি ৩২ জন বিধায়ক তাঁদের পক্ষে থাকেন, তবে ঋতব্রত শিবিরের বিধায়ক সংখ্যা দাঁড়ায় ৪৮।
প্রতীক জটিলতার মাঝেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রও মুখ খুলেছেন। তিনি বলেন, “ক’দিনের মধ্যে প্রতীকটা পেলে সারা বাংলা শুনবে ওহ লাভলি।” অন্যদিকেঅভিষেকের চ্যালেঞ্জের পাল্টা এবার কড়া আক্রমণ আখরুজ্জামানের। বিরোধী শিবিরের এই বিধায়কের দাবি, জোড়াফুল প্রতীক এবং দলের তহবিল তাঁদের হাতেই আসবে। অভিষেককে কটাক্ষ করে তাঁর মন্তব্য, সুপ্রিম কোর্ট বা নির্বাচন কমিশনের রায় নিয়ে পরে যেন অভিযোগ না তোলেন। দুই শিবিরের এই সংঘাতের মাঝে এখন নজর, শেষ পর্যন্ত কার দখলে থাকে ঘাসের উপর জোড়াফুল প্রতীক।
