
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:৮ ইন্টার্নকে শোকজ ঘিরে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ! দফায় দফায় অশান্তির ঘটনায় এবার তদন্তের নির্দেশ স্বাস্থ্যভবনের। তিন চিকিৎসককে নিয়ে গঠন করা হয়েছে বিশেষ তদন্ত কমিটি। অন্যদিকে, এই অশান্তির পিছনে মানসিক মাওবাদী ও নকশালপন্থীদের হাত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের এমএসভিপির সঙ্গে বৈঠকের পরই তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন তিনি।
ডা. শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “ইন্টার্নদের শোকজের প্রতিবাদে যারা মেডিক্যাল কলেজে তাণ্ডব চালিয়েছে, তারা আসলে মানসিক মাওবাদী, নকশালপন্থী। প্রিন্সিপাল, সুপার, এমএসভিপি, অধ্যাপক, বিভাগীয় প্রধানদের গালিগালাজ অকথ্য ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আদলা ইট মেরে জানলা ভাঙা হয়েছে। এমন কিছু ভাষার ব্যবহার হয়েছে, তা প্রকাশ্যে আসলে গোটা চিকিৎসক সমাজের অসম্মান হবে। যাঁদের কাছ থেকে শিক্ষা নিয়েছে, তাঁদের বলা হচ্ছে চামড়া গুটিয়ে দেব! এ আচরণ লজ্জার। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ আছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে” বলে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। মেডিক্যাল রিপোর্ট সামনে এনে শারদ্বত বলেন, ২ চিকিৎসক অধ্যাপকের উপর হামলা চলেছে। তাঁর কথায়, “১০-১৫ জন বহিরাগত নিজেদের ১২৫০ জন ইন্টার্নদের প্রতিনিধি দাবি করে তাণ্ডব চালিয়েছে।” চিকিৎসকদের উপর হামলাকারীদের ‘ঔদ্ধত্য’ নিয়ে প্রশ্ন তুলেছেন শারদ্বত।
১৫ দিন আগের অশান্তির প্রমাণস্বরূপ একটি ছবি দেখিয়ে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বিরোধী রাজনৈতিক মদত। ছবিতে এআইডিএফও সহ একাধিক বাম সংগঠনের পতাকা হাতে কয়েকজনকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে বলে দাবি করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “ঘোমটার আড়ালে অতিবামপন্থীদের তাণ্ডব বরদাস্ত করা হবে না।” বুধবার সন্ধ্যায় অশান্তির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও ঘোষণা করেন তিনি। কমিটিতে রয়েছেন ড. দিবাকর হালদার, ড. শুভঙ্কর দে, ড. দীপঙ্কর রায়। তিন চিকিৎসকের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটিই রিপোর্ট দেবে স্বাস্থ্যভবনে।
উল্লেখ্য, দুর্গাপুজোয় সপ্তমীর দিন চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের। মৃত উনিশজনকে নিয়ে আসা হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজে। সে সময় একদল জুনিয়র চিকিৎসক সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, পরিকাঠামোর অভাব রয়েছে কলকাতা মেডিক্যালে। বড়সড় দুর্ঘটনা ঘটে গেলে জরুরি অবস্থায় চিকিৎসা করার পরিকাঠামো নেই শতাব্দী প্রাচীন এই হাসপাতালে। কর্তব্যরত অবস্থায় সংবাদমাধ্যমের সামনে এই ধরনের বিবৃতি দেওয়া শৃঙ্খলাভঙ্গের সামিল। এই কারণে আটজন জুনিয়র ডাক্তারকে মঙ্গলবার শোকজ করেছে স্বাস্থ্যদপ্তর। এরপরেই বুধবার সকাল থেকে বিক্ষোভে নামেন কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা।
